Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 27 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ভূমি সংক্রান্ত যাবতীয় জটিলতা নিরসন করে আধুনিক সেবা নিশ্চিত করার সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন শীর্ষক প্রকল্প” এর মাধ্যমে সারাদেশে ভূমির প্রকৃত মালিকানা নির্ধারণ, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে মৌজা ভিত্তিক শ্রেণী বৈষম্য দূরীকরণে মূল্য পুণ:নির্ধারণ, দেবোত্তর সম্পত্তির যথাযথ নিশ্চয়তা বিধান, রেজিষ্ট্রেশন, খারিজ- খাজনা, নামজারী ইত্যাদি ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করে সাধারণ মানুষের জন্য সহজ সেবামূলক কার্যক্রম গ্রহণেরও সুপারিশ করেছে এ কমিটি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটি সদস্য ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, মোঃ শাহজাহান মিয়া, মোঃ আনোয়ারুল আজীম (আনার), উম্মে ফাতেমা নাজমা বেগম, মোঃ আমিনুল ইসলাম এবং খান আহমেদ শুভ বৈঠকে অংশগ্রহণ করেন।

মূল কমিটি কর্তৃক পূর্ববতী বৈঠকে গঠিত এক নং সাব-কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে সড়ক জনপথ বিভাগের অধিকাংশ জমি গাজীপুর জেলার কতিপয় ব্যক্তি অনিয়মিতভাবে ভোগ-দখল ও রেজিষ্ট্রী-নামজারীর সাথে জড়িতদের নামের তালিকা পরবর্তী বৈঠকে পেশ করার জন্য
মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়।

বৈঠকে ভূমি সংক্রান্ত কাজে নিয়োজিত প্রকল্পসমূহের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার অনুরোধ করা হয়। এছাড়া ২নং সাব-কমিটির কার্যক্রম পরবর্তীতে সিদ্ধান্ত
আকারে উপস্থাপনের অনুরোধ করা হয়। 

বিশেষ করে সিলেট জেলার চা বাগানের জমির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য যথাশীঘ্র পেশ করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়।

ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//