Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 30 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের ইসলামপুরে শনিবার উপজেলার সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখিত ‘কারাগারের রোজনামচা’ বই বিতরণ করা হয়। সেখানে ইতিহাসের সত্য তুলে ধরতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।

বই বিতরণ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলার ১০৭টি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ও ২৪৪টি প্রাথমিক বিদ্যালয় প্রধানের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর লিখিত ‘কারাগারের রোজনামচা’ বইটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

ইসলামপুরের মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখা বই বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। সেখানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, শিক্ষকরা হলেন জাতি গঠনের মহান কারিগর। ভবিষ্যত প্রজন্মকে ইতিহাসের সত্য জানার বিষয়ে শিক্ষকগণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সেখানে তিনি আরো বলেন, বাঙ্গালি জাতির স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরিসীম সংগ্রাম আর আত্মত্যাগের কথা জানতে বঙ্গবন্ধুর  লেখা ‘কারাগারের রোজনামচা’ বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

ফরিদুল হক খান বলেন, বঙ্গবন্ধু তাঁর কারা-জীবনে সীমাহীন শারীরিক, মানসিক নির্যাতন ও কষ্টের শিকার হয়েছেন। তিনি অপমান, অবহেলাও কম সহ্য করেননি। এর মাঝেও তিনি দেশের জনগণের মুক্তি আর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে গেছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলার গড়ার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, তেরো বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, প্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ আজ অভাবনীয় উন্নয়ন সাধন করেছে। সামাজিক সুরক্ষায় সরকার বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, মাতৃত্বকালীন, পুষ্টি,  শিক্ষা সহায়তা, প্রতিবন্ধী ভাতাসহ নানাবিধ ভাতা প্রচলন করে সমাজের প্রতিটি শ্রেণি পেশার মানুষকে সামাজিক সুরক্ষা প্রদান করে যাচ্ছে। যা এর পূর্বে কোনো সরকার করেনি।

তিনি বলেন, করোনা মহামারী উত্তর এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় আমাদেরকেও কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এ সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। 

সরকারি ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এম রফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন  ফোরকান, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ ও ঢাকা-এর চারুকলা অনুষদের চেয়ারপার্সন শাহজাহান আহমেদ বিকাশ। এছাড়া স্বাগত বক্তব্য দেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর ল' কলেজের অধ্যক্ষ মো. আব্দুস ছালাম।  

বিনিয়োগবার্তা/এমআর//