
আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে রুশ নৌবহরের ওপর ইউক্রেইনের ব্যাপক ড্রোন হামলাকে কারণ দেখিয়ে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানিতে জাতিসংঘের মধ্যস্থতায় কিইভের সঙ্গে ৩ মাস আগে হওয়া চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে মস্কো।
রবিবার (৩০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে সেভাস্তোপোল বন্দরে একের পর এক ড্রোন হামলা চালানো হয়। রুশ নৌবহর লক্ষ্য করেই হামলা চালানো হয় বলে জানায় ক্রেমলিন।
এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ১৬টি ড্রোন ব্যবহার করা হয়। এতে নৌবহরের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলায় ইউক্রেনকে সাহায্য করেছে যুক্তরাজ্য বলে অভিযোগ মস্কোর।
একই সঙ্গে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের পাইপলাইন নর্ড স্ট্রিম ২ বিস্ফোরণেও ব্রিটেনের হাত আছে বলে উল্লেখ করা হয়।
তবে হামলা সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি অস্বীকার করেছে ব্রিটিশ সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মস্কোর এ দাবি ভিত্তিহীন ও মিথ্যা। ইউক্রেনে নিজেদের ব্যর্থতা থেকে নজর অন্য দিকে ঘুরিয়ে দিতেই রাশিয়া এ ধরনের মহাকাব্যিক মিথ্যা বলছে। এরই মধ্যে পাল্টা পদক্ষেপ নিয়েছে রাশিয়া।
জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন থেকে শস্য রপ্তানির যে চুক্তি হয়েছিলো তা স্থগিতের ঘোষণা দিয়েছে ক্রেমলিন। মস্কোর দাবি, যে সব জাহাজে হামলা চালানো হয়েছে সেগুলো ওই চুক্তির আওতায় শস্য রপ্তানিতে যুক্ত ছিল।
রাশিয়ার এমন ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বন্দর থেকে কৃষি পণ্য রপ্তানি চুক্তি বাস্তবায়নে রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করা হয়েছে।
তাদের এ সিদ্ধান্তকে বৈশ্বিক খাদ্য সংকট নিরসনের চেষ্টায় বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছে বার্তা সংস্থা রয়টার্স।
বিনিয়োগবার্তা/এমআর//