
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সে অনুযায়ী সরকার মাদকের অনুপ্রবেশ বন্ধে বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছে। জিরো টলারেন্স বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থা নিরলস কাজ করছে। ২০২১ সালে ৯৩ হাজার ১৯০টি মামলায় ১ লাখ ২২ হাজার ১৫২ জন মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০২২ সালের আগস্ট পর্যন্ত ৬৬ হাজার ৫৫৪টি মামলায় ৮৩ হাজার ১২৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
মাদক কারবারিদের দমনে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২০)’ প্রণয়ন করা হয়েছে। উক্ত আইনে মাদক অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২০)-এর ধারা ৬৩ অনুযায়ী ৪টি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির মধ্যে রয়েছে- জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটি, জাতীয় মাদকবিরোধী কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার কমিটি, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার কমিটি।
কমিটিসমূহ সভা আহ্বানের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মাদকবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে।
তিনি আরো বলেন, বর্তমানে বহুল প্রচলিত মাদক ইয়াবার প্রবাহ বন্ধে টেকনাফে একটি বিশেষ জোন গঠন করা হয়েছে। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে আমাদের দেশে মাদক পাচার হয়। মাদকের এ কারণে প্রবাহ রোধে এ পর্যন্ত ভারতের সঙ্গে ৭টি ও মিয়ানমারের সঙ্গে ৫টি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে।
এর আগে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
বিনিয়োগবার্তা/এমআর//