
নিজস্ব প্রতিবেদক: পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সুন্দরবনকে রক্ষা করা সরকারের অন্যতম জাতীয় অগ্রাধিকার। তাই সুন্দরবন ও এর বন্যপ্রাণী রক্ষায় কার্যকরী ব্যবস্থা নিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এ লক্ষ্যে বাস্তবায়নাধীন সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা প্রকল্প এবং সুন্দরবন সুরক্ষা প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় টহলকারী জলযান সংগ্রহ করা হবে।
সোমবার (৩১ অক্টোবর) নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সেপ্টেম্বর-২০২২ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বরেন্দ্র ও হাওর এলাকার পরিবেশ উন্নয়নে বাস্তবায়নাধীন প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে পারলে এসব এলাকার পরিবেশের মান উন্নত হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে বাস্তবায়নাধীন সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় সরকারি-বেসরকারি গাড়িচালক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, বায়ুদূষণ, পানিদূষণ ও শব্দদূষণ রোধে সরকারের পাশাপাশি সমাজের সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করলে সফলতা লাভ করা সম্ভব। এ লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, যুগ্মসচিব (উন্নয়ন) জাকিয়া আফরোজ, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. রফিকুল হায়দার প্রমুখ।
বিনিয়োগবার্তা/এমআর//