Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 01 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু নিয়ে সকলকে সতর্ক করে ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু ছড়ানোর প্রেক্ষাপটে শেখ হাসিনা সকলের বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে, বিশেষ করে বাড়ির ভেতরে ও বাইরে পানি জমে থাকা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। 

সোমবার (৩১ অক্টোবর) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিশেষ করে সিভিল এভিয়েশনকে প্রতিদিন ফগিং মেশিনের মাধ্যমে মশা নিরোধক স্প্রে জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বিতভাবে ডেঙ্গু ও এডিস মশার বিস্তার সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালাতে বলা হয়েছে।

২০১৯ সালে দেশে এক লাখের বেশি ডেঙ্গু রোগী রেকর্ড করা হয় উল্লেখ করে খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, চলতি বছর এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছেছে।

ডেঙ্গুতে অক্টোবরে দ্বিগুণ আক্রান্ত, তিনগুণ মৃত্যু : সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দ্বিগুণের বেশি, একই সময়ের ব্যবধানে প্রায় তিনগুণ মানুষের মৃত্যু হয়েছে। অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন। সেপ্টেম্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪ জন।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ১৪১ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮৭৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮৪ জনে। চলতি বছরে ৩৮ হাজার ২৪ জন ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ২৬ হাজার ১৬ জন রাজধানী ঢাকায় এবং ১২ হাজার ৮ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৭৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৪৫ জন এবং ঢাকার বাইরে ৩২৮ জন। নতুন ৮৭৩ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮৪ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩০৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২৭৫ জন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৩৮ হাজার ২৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৩৪ হাজার ২৯৯ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪১ জনের মৃত্যু হয়েছে। 

বিনিয়োগবার্তা/এমআর//