
নিজস্ব প্রতিবেদক: দেশে বায়ুদূষণে বছরে প্রায় ২ লাখ মানুষ মারা যায় বলে সম্প্রতি সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক আলোচনায় এ তথ্য উঠে এসেছে।
সোমবার (৩১ অক্টোবর) রাজধানীর ব্র্যাক সেন্টারে 'সবুজ শহর উদ্যোগ'-বিষয়ে আলোচনায় এ তথ্য তুলে ধরে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকার বায়ুর মান খারাপ, অত্যন্ত খারাপ।বাতাসের মান উন্নয়নে ইটভাটা বন্ধের পাশাপাশি রাজধানীতে যানবাহন কমাতে স্কুলবাস চালুর বিকল্প নেই বলে মনে করেন তিনি উক্ত অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, বায়ুদূষণের জন্য শিল্পকারখানা নয়, ইট ভাটা এবং যানবাহনের ধোঁয়া বেশি দায়ী।
বর্জ্য ব্যবস্থাপনাকে বেশি গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে এফবিসিসিআই প্রেসিডেন্ট বলেন, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা গ্রাম পর্যন্ত নিয়ে যেতে হবে। না নিতে পারলে দূষণ আটকানো যাবে না।
সিপিডির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে বায়ুদূষণের মাত্রা ও পরিমাণ অতিরিক্ত। পরিবেশের ওপর বায়ুদূষণের যে সরাসরি ক্ষতিকারক প্রভাব তার কারণে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া জনস্বাস্থ্যের ওপরে এবং বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব মারাত্মক।
বাংলাদেশের প্রতিবেশী চীন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ বায়ুদূষণ মোকাবিলায় এগিয়ে এসেছে। বাংলাদেশেরও সময় এসেছে বায়ুদূষণের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার।
বিনিয়োগবার্তা/এমআর//