Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 01 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি কোর্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আসন্ন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে এই ভর্তি পদ্ধতি কার্যকর হবে। তবে এক্ষেত্রে তাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েই ভর্তি হতে হবে। 

মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়৷ গত ৩০ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। 

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এই সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন। 

এর আগে গত আগস্ট মাসে বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির সভায় নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি কোর্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যাতে ভর্তি হতে পারে, সে বিষয়ে সুপারিশ করা হয়েছিল। পরে সেটি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে চূড়ান্ত হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষার মাধ্যমে সীমিত আসনে শিক্ষার্থীরা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। আন্ত:একাডেমিক, অন্তর্ভুক্তিমূলক ও জীবনব্যাপী শিক্ষা সুযোগ তৈরি করতে এই সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে বিভাগ/ইনস্টিটিউট প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। 

ডিন’স কমিটির সুপারিশে বলা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি কোর্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যাতে ভর্তি হতে পারেন। সেক্ষেত্রে তাদের ভর্তি পরীক্ষা দিতে হবে এবং কোনো বয়সসীমাও থাকবে না। এর আগে শুধুমাত্র ঢাবি থেকে স্নাতক পাস করা শিক্ষার্থীরা নিজ বিভাগের মাস্টার্স করার সুযোগ পেতেন। এখন এ সুপারিশ চূড়ান্ত হওয়ায় নিজেদের বিভাগের পাশাপাশি অন্য বিভাগেও ভর্তির সুযোগ থাকছে ঢাবি শিক্ষার্থীরা। একইসঙ্গে বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সুযোগটি পাচ্ছেন। তবে সবাইকেই ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে। 

স্নাতক পাস করার পর কিছু শিক্ষার্থী বিভিন্ন কারণে স্নাতকোত্তরে ভর্তি হয় না। সেই ফাঁকা আসন পূর্ণ করার জন্য বিভাগ বা ইনস্টিটিউট পর্যায় থেকে বিজ্ঞাপন দেওয়া হবে এবং আবেদনকারীদের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ে ফাঁকা আসনে তাদের ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এছাড়া সিন্ডিকেটে ক্লাসে পাঠদানে শিক্ষকদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মূল্যায়ন বা ‘টিচিং ইভ্যালুয়েশন’ কার্যক্রম চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ফরমে ৫টি সূচক ও তৎসংশ্লিষ্ট উপ-সূচকের আলোকে এই মূল্যায়ন করতে পারবেন। টিচিং ইভ্যালুয়েশনের প্যারামিটার সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের ধারণা দেওয়ার জন্য বিশেষ সেমিনার ও ওয়ার্কশপ এর উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার সামগ্রিক গুণগতমান উন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা অর্জনে টিচিং ইভ্যালুয়েশন কার্যক্রম ভূমিকা রাখবে।

বিনিয়োগবার্তা/এমআর//