
খেলাধূলা ডেস্ক: ভারত-বাংলাদেশের মধ্যকার বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছে ভারত। কোহলি ও রাহুলের জোড়া হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ভারত।
বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভপর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বোলিংয়ে ইনিংসের শুরুতেই উইকেট হারায় ভারত।
প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে ইনিংসের দারুণ সূচনা করেন টাইগার পেসার তাসকিন আহমেদ। পরের ওভারে শরিফুল ৮ রান দিলেও নিজের দ্বিতীয় ওভারে আবারও দারুণ কামব্যাক করেন তাসকিন। তৃতীয় ওভারের চতুর্থ বলে তাসকিনকে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
কিন্তু রোহিতের সহজ ক্যাচ বাউন্ডারি লাইনে মিস করেন তরুণ পেসার হাসান মাহমুদ। যদিও চতুর্থ ওভারে সেই ক্যাচ মিস পুষিয়ে দেন রোহিতের উইকেটটি নিয়ে। চতুর্থ ওভারে হাসানের প্রথম বলেই গালি পয়েন্টে ইয়াসির আলির কাছে তালুবন্দি হন রোহিত।
রোহিতের বিদায়ের পর বিরাট কোহলি এবং কে এল রাহুল ম্যাচের হাল ধরে ৯.১ ওভার পর্যন্ত নিয়ে যান। দলীয় ৭৯ রানের সময় সাকিবের বলে ক্যাচ তুলে আউট হন হাফ সেঞ্চুরি করা কে এল রাহুল। ৩২ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন রাহুল।
রাহুলের বিদায়ের পর মাঠে আসেন দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদব। কোহলিকে সঙ্গী করে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন এই ব্যাটার। ১৩ ওভার পর্যন্ত চলে এই জুটির ব্যাটিং তাণ্ডব।
১৪ তম ওভারে এসে নিজের দ্বিতীয় উইকেট হিসেবে সূর্যকুমারকে বোল্ড করেন সাকিব। ১৪ তম ওভারে তৃতীয় বলে ব্যক্তিগত ৩০ রানে থামে সূর্যকুমারের ইনিংস। এরপর হাসান মাহমুদ এসে পান্ডিয়ার উইকেট নিয়ে খেলা কিছুটা নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ফর্মের তুঙ্গে থাকা কোহলি ভারতের রানের চাকা সচল রাখেন।
এরপর ভারত দ্রুত কার্তিক ও পাটেলের উইকেট হারালেও শেষ দুই ওভারের ২৭ রান হওয়ায় ১৮৪ রান তোলে ভারত। কোহলি ৬৪ এবং আশ্বিন ১৩ রানে অপরাজিত থাকেন।
বিনিয়োগবার্তা/এমআর//