Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 02 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোকসান ও অনিয়ম রোধে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। ২০২০-২১ অর্থবছরে বিমানে ১৫৮ কোটি ৪০ লাখ টাকা মুনাফা হয়েছে। এই ধারা এখনো অব্যাহত রয়েছে। ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র তিন মাসে টিকিট বিক্রি করে এক হাজার ৫৬৩ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, টিকিটের মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় বিমানকে অনেক লোকসান গুনতে হতো। বর্তমানে ডায়নামিক প্রাইসিং পলিসি গ্রহণের কারণে টিকিটের মূল্য নির্ধারণ প্রক্রিয়া কঠোরভাবে মনিটরিং করা সম্ভব হচ্ছে । এতে বিমানের রাজস্বও বাড়ছে। এছাড়া টিকিটের দাম ১৪ শতাংশ থেকে ১২ শতাংশে কমিয়ে আনা হয়েছে।

তিনি আরো বলেন, বরিশাল বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করতে সরকারের পরিকল্পনা রয়েছে। এজন্য দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ইয়োসিন হিরিম সম্ভাব্যতা সমীক্ষা শেষ করে মাস্টারপ্ল্যান তৈরি করেছে।

মাহবুব আলী বলেন, বিমানবন্দর উন্নয়নের লক্ষ্যে আইসিএও গাইডলাইন্স অনুযায়ী, জমি অধিগ্রহণের পর বরিশাল বিমানবন্দরে টার্মিনাল ভবন নির্মাণ, অ্যাপ্রোন এরিয়া বাড়ানো, ইলেক্ট্রিক্যাল এবং নেভিগেশন ইকুইপমেন্ট সংস্থাপন, কন্ট্রোল টাওয়ার, পাওয়ার হাউজ, পাম্প হাউজ, সেন্ট্রাল কন্ট্রোল রুম এবং ফায়ার স্টেশন নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।


বিনিয়োগবার্তা/এসএল//