Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 03 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যা মানব সভ্যতার অস্বিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

বুধবার (২ নভেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন রোধে দ্রুত ও ব্যাপক পদক্ষেপ না নিলে আগামী দশকের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি, শিল্প-বিপ্লব সময়ের পূর্বের তুলনায় এক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছড়িয়ে যাবে। যা ২১০০ সাল নাগাদ ৩.৩ থেকে ৫.৭ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি বৃদ্ধি পেতে পারে। ফলে দিন দিন আবহাওয়া আরো বিপজ্জক আচরণ করবে। সামুদ্রিক ঝড় এবং জলোচ্ছ্বাস বাড়বে।

তিনি আরো বলেন, পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য শব্দদূষণ মারাত্বক সমস্যা। তাই শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুযায়ী বিভিন্ন এলাকাকে নিরব এলাকা, আবাসিক এলাকা, মিশ্র এলাকা, বাণিজ্যিক এলাকা এবং শিল্প এলাকায় ভাগ করে শব্দের মানমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। শব্দদূষণ ও এর প্রভাব সম্পর্কে সচেতনতার অভাবে মানুষ হরহামেশা দূষণকারী উচ্চশব্দ সৃষ্টি করে যাচ্ছে। এছাড়া ৬৪টি জেলায় ২ হাজার অংশীজনকে প্রশিক্ষণ প্রদান করা ও শব্দমাত্রা রেকর্ড সংক্রান্ত জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মো. শাহাব উদ্দিন বলেন, পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনে গৃহস্থালি বর্জ্য ও প্ল্যাস্টিক বর্জ্যরে সুষ্ঠ ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনার নিমিত্তে সরকার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ প্রণয়ন করেছে। এ বিধিমালায় পরিবেশ বিনষ্টকারী পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সবার দায়-দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//