Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 03 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় চিনির উৎপাদন ব্যাহত হচ্ছে। চিনির সাপ্লাইটা ঠিকভাবে হওয়া দরকার। সরবরাহ ধীরগতি হলে সমস্যা, সরবরাহ স্বাভাবিক হলে যেই দাম নির্ধারণ করা হয়েছে, সে দামে বিক্রি করা যাবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘চিনি নিয়ে নেতিবাচক প্রভাব দেখছি না, চিনিটা অ্যাভেইলেবল। জানুয়ারি পর্যন্ত কোনো সমস্যা নেই। গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় চিনির উৎপাদন ব্যাহত হচ্ছে৷ যে সমস্যা পেয়েছি, সেটি হলো গ্যাসের সাপ্লাই অপ্রতুলতার কারণে ৬৬ শতাংশের বেশি চিনি উৎপাদন করতে পারছে না।

মন্ত্রী বলেন, ‘অনেক চিনি গুদামে পড়ে আছে। সেটা প্রসেস করতে পারলে বাজারে আসবে। গ্যাসের সমস্যা সমাধান হলে এটি প্রসেস করা যাবে।

‘যারা গ্যাসের বিষয়টি দেখে তারা বলছে, পরিস্থিতির উন্নয়ন ঘটছে। বিদ্যুতের অবস্থা ইমপ্রুভ করবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। আশা করি দুই-এক দিনের মধ্যে গ্যাসের সাপ্লাই স্বাভাবিক হলে যে পরিমাণ চিনি দরকার, তা উৎপাদন সম্ভব হবে।’

নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের কষ্টের বিষয়টি স্বীকার করেন বাণিজ্যমন্ত্রী। মন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়, ‘যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, গত এক মাসে বেশ কয়েকটি পত্রিকায় একই শিরোনাম হয়েছে, সংসার আর চলছে না। মানে খরচ এত বেড়েছে যে সংসার আর চলছে না। বাণিজ্যমন্ত্রী হিসেবে আপনি কী মনে করেন?’

জবাবে মন্ত্রী বলেন, ‘এটা সত্যি কথা যে, মানুষের কষ্ট হচ্ছে। এই কষ্টের পেছনে কিন্তু আমাদের চেয়ে বৈশ্বিক কারণ বেশি। এখন বৈশ্বিক কারণটা তো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারব না।

‘প্রত্যেক মানুষের জীবনে কখনও ভালো সময় থাকে, কখনও খারাপ সময় থাকে। আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন সামনে দুর্ভিক্ষ হতে পারে, খাদ্যের অভাব হতে পারে। সে চিন্তা করেই কিন্তু উনি বারবার বলছেন। উনি সব সময় অনেক অ্যাডভান্স চিন্তা করেন যাতে করে আমাদের সমস্যা না হয়।’

আজকের সভা থেকে সাধারণ মানুষের জন্য কোনো সুখবর আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের খবরটা দিচ্ছি যে, ভয় পাওয়ার কিছু নেই।’

সয়াবিন তেলের দাম নিয়ে মন্ত্রী বলেন, ‘সয়াবিন তেলের বিষয়টি আমাদের ট্যারিফ কমিশন ঠিক করবে। আমি আজকে এখনই বলেছি, খুব শিগগিরই আবার বসে পুরো জিনিসটা অ্যাসেস করে, স্টাডি করে তারা নির্ধারণ করবে।’

বিনিয়োগবার্তা/এমআর//