Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 06 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ‘টুইটারের ব্যবস্থাপনার কেন্দ্রে মানবাধিকার নিশ্চিত’ করতে সংস্থাটির নতুন মালিক ইলন মাস্কের কাছে অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। 

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

মাত্রই কয়েকদিন আগে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটারের মালিকানা নিয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এরপর সংস্থাটিতে নানা পরিবর্তনের ঘটনা ঘটছে। ঘটছে ছাঁটাইয়ের ঘটনাও।

মাস্কের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। সেখানে মাস্কের কাছে টুইটারের ব্যবস্থাপনার কেন্দ্রে মানবাধিকার নিশ্চিত আহ্বান জানান।

রয়টার্স জনায়, টুইটার ইনকর্পোরেটেড শুক্রবার তার অর্ধেক কর্মী ছাঁটাই করেছে এবং সোশ্যাল মিডিয়া এ কোম্পানির কর্মীদের টুইটে বলা হয়েছে, মানবাধিকারের জন্য দায়িত্বশীল দলটি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। আর এ ঘটনাকে ভলকার তুর্ক ‘উৎসাহজনক শুরু’ নয় বলে উল্লেখ করেন।

ভলকার তুর্ক চিঠিতে বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে টুইটার বৈশ্বিক বিপ্লবের অংশ। এটা আমাদের যোগাযোগ ব্যবস্থায় বিশাল পরিবর্তন এনেছে। তবে আমি আমাদের ডিজিটাল পাবলিক স্কোয়ার এবং এতে টুইটারের ভূমিকা সম্পর্কে আমার উদ্বেগ ও শঙ্কা নিয়ে লিখছি।

তিনি আরো বলেন, সব কোম্পানির মতো, টুইটারকে তার প্ল্যাটফর্মের সঙ্গে সম্পর্কিত ক্ষতিগুলো বুঝতে হবে এবং সেগুলো মোকাবিলার জন্য পদক্ষেপ নিতে হবে। প্ল্যাটফর্মের ব্যবহারে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং বিবর্তনের জন্য রক্ষাকবচ নিশ্চিত করা উচিত।

ভলকার তুর্ক চিঠিতে বলেন, সংক্ষেপে, আমি আপনার নেতৃত্বে টুইটার পরিচালনার কেন্দ্রে মানবাধিকার নিশ্চিত করার জন্য আপনাকে অনুরোধ করছি।

এর আগে, শুক্রবার টুইটার তার অর্ধেক কর্মী ছাঁটাই করে। অবশ্য প্রতিষ্ঠানটির নতুন মালিক ও সিইও ইলন মাস্কের দাবি, অন্য কোনো উপায় না থাকায় টুইটার থেকে অর্ধেক লোকবল ছাঁটাই করা হচ্ছে। যেখানে একটি কোম্পানি দৈনিক ৪ মিলিয়ন ইউএস ডলার লোকসান গুনছে, সেখানে কর্মী ছাঁটাই ছাড়া আর কোনো উপায় নেই।

বিনিয়োগবার্তা/এসএল//