
নিজস্ব প্রতিবেদক: সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার পৃথক ফি নির্ধারণ করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এখন থেকে সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করতে নেয়া হবে ১০০ টাকা ও বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা।
রবিবার (৬ নভেম্বর) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের জন্য এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষায় সরকারি হাসপাতালে ১০০ টাকা ফি নেয়ার বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। একই সঙ্গে বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নিতে বলা হয়েছে। এটিই এখন থেকে বলবৎ থাকবে।
এর আগে, ২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে সে সময় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সেবা চালু করা হয়।
তবে এখন থেকে এনএস-১ পরীক্ষার জন্য ১০০ টাকা, সিবিসি পরীক্ষায় ২৫০ টাকা এবং আইজিএমের জন্য ২৫০ টাকা করে নেয়া হবে।
বিনিয়োগবার্তা/এমআর//