
খেলাধূলা ডেস্ক: বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। অনুশীলনে ঊরুর পেশিতে চোট পেয়েছেন কৌতিনহো। যে চোটে অন্তত ৯ থেকে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ব্রাজিলের কাতার বিশ্বকাপের দল ঘোষণা করা হবে আজ। এর ঠিক এক দিন আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কৌতিনহো। তার চোট অবশ্য তিতের কাজ সহজও করে দিয়েছে। ৩০ বছর বয়সী এই আক্রমণাক্তক মিডফিল্ডারের সাম্প্রতিক নৈপুণ্য তার পক্ষে কথা বলছিল না।
বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় এসেছেন এ বছরের জানুয়ারিতে। ২০২১-২২ মৌসুমের বাকি অংশে ১৯ ম্যাচ খেলে ৫ গোলও করেন। নতুন মৌসুমে তাকে স্থায়ীভাবে দলভুক্ত করা হয়।
কিন্তু এরপর আর গোল তো নয়ই, গোলে সহায়তাও করতে পারছেন না। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন কৌতিনহো, গোল এবং সহায়তা দুটিই এখনো শূন্য।
রোববার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে কুতিনিয়োর দলে না থাকা তাই অবাক হওয়ার মতো ছিল না। তবে ম্যাচ শেষে নতুন কোচ এমিরি দেন চোটের খবর, ‘ও চোটে আক্রান্ত। আমি জানি না, কত দিন মাঠের বাইরে থাকতে হবে। তবে বিশ্বকাপ বিরতির পর খেলা শুরুর আগপর্যন্ত খেলতে পারবেন না। চোটটা পেশির। দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হবে।’
ব্রাজিলের হয়ে ২০১৮ বিশ্বকাপে অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন কৌতিনহো। গ্রুপ পর্বে সুইজারল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে ২ গোলের পর কোয়ার্টার ফাইনালে একটিতে সহায়তা করেন। ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে করেন ২ গোল। তবে চলতি বছরের ফর্ম অনুকূলে না থাকায় কাতারে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। যেটি দল ঘোষণার আগে চোটই মীমাংসা করে দিল।
বিনিয়োগবার্তা/এমআর//