Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 07 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আড়াই বছর পর করোনা সংক্রান্ত সকল বিধিনিষেধ তুলে নিল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। 

এখন থেকে দেশটিতে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব মেনে চলার মতো বাধ্যবাধকতা আর থাকছে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে খালিজ টাইমস এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

রবিবার (৬ নভেম্বর) এই প্রতিবেদন প্রকাশের পর আজ সোমবার (৭ নভেম্বর) থেকেই আরব আমিরাতে নতুন এই নিয়ম কার্যকর করেছে দেশটির সরকার।

প্রতিবেদন থেকে জানা যায়, কোভিড-১৯ সম্পর্কিত সকল বিধিনিষেধ এবং সতর্কতামূলক ব্যবস্থা তুলে নেয়ার ঘোষণা দেয় আরব আমিরাত। 

সোমবার সকাল ৬টা থেকেই দেশটিতে নতুন এই নির্দেশনা কার্যকর হয়। এতে করে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়ে এতোদিনের বাধ্যবাধকতা এখন শিথিল হলো। 

সংযুক্ত আরব আমিরাতের সরকার ঘোষণা করেছে, মসজিদ, উপাসনালয়, উন্মুক্ত জায়গা এবং আবদ্ধ স্থানগুলোতে এখন থেকে ফেসমাস্ক পরা ঐচ্ছিক বলে বিবেচিত হবে। তবে, হাসপাতাল এবং স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রগুলোতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে।

জানা যায়, এই নিয়ম কার্যকর হওয়ায় এখন থেকে সরকারি স্থাপনা এবং সরকারি অফিসে প্রবেশের জন্য আর গ্রিন পাসের প্রয়োজন হবে না। উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর বিশ্বের অন্যান্য দেশের মতো এই দেশটিতেও নানা বিধিনিষেধ জারি করা হয়েছিল।

বিনিয়োগবার্তা/এমআর//