Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 08 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ই-কমার্স ব্যবসায় টেকসই ইকো-সিস্টেম গড়ে তুলতে ডাক পরিষেবায় যুক্ত হলো নতুন পালক- ডিজিটাল ডেলিভারি অবকাঠামো। এখন থেকে ডাকঘরের ডিজিটাল পরিষেবার ধারাবাহিকতায় কম খরচে ঘরে বসেই ডিজিটাল শপ থেকে কেনা পণ্য হাতে পাবেন দেশের প্রান্তিক মানুষ।

সোমবার (৭ নভেম্বর) ডাক ভবনে ডাক অধিদফতরের সঙ্গে ই-পোস্ট সফটওয়্যারের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডাক অধিদফতরের পরিচালক এস এম হারুনুর রশীদ এবং ই-পোস্ট সফটওয়্যারের মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল চুক্তিতে স্বাক্ষর করেন।

মন্ত্রী বলেন, ডাক বিভাগের সঙ্গে ই-পোস্টের সমঝোতা চুক্তি ডিজিটাল কমার্স সম্প্রসারণে একটি ‘মাইলফলক’। এ চুক্তির মাধ্যমে দেশের ই-কমার্স খাতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। পণ্য সরবরাহ অবকাঠামোর ডিজিটাল সল্যুশন ও ট্র্যাকিং সিস্টেম তৈরি করে দেশের বিভিন্ন স্থানের ডাকঘরের মাধ্যমে ডিজিটাল ব্যবসার পরিসর বিস্তৃতির মাধ্যমে ডিজিটাল ইকো-সিস্টেম তৈরি করবে ই-পোস্ট।

তিনি আরো বলেন, এ সিস্টেমে দেশের ১০ হাজার ডাকঘরকে কেন্দ্র করে বিভিন্ন হাবের মাধ্যমে পণ্য সরবরাহ করা সম্ভব হবে। স্বয়ংক্রিয় ট্র্যাকিং পদ্ধতিতে ক্রেতার পণ্য কোথায় আছে তাও সহজেই শনাক্ত করা সম্ভব হবে। প্রতিটি ডাকঘরে ই-কমার্সের জন্য আলাদা কর্নার থাকবে। যেখান থেকে পণ্য শর্টিং, ট্র্যাকিং এবং দ্রুত ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হবে।

চুক্তি অনুায়ী, দেশজুড়ে বিদ্যমান ডাক বিভাগের বিভিন্ন অফিসকে কেন্দ্র করে ই-কমার্স সেবা সম্প্রসারণের ডিজিটাল সল্যুশন দেবে ই-পোস্ট সফটওয়্যার লিমিটেড। অচিরেই দারাজসহ অন্যান্য প্রতিষ্ঠিত ই-কমার্স সেবাদানকারী প্রতিষ্ঠান এ প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে।

বিনিয়োগবার্তা/এমআর//