Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 09 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: মানবাধিকারের প্রসার ও সুরক্ষায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিসের সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মানবাধিকার রক্ষা ও সমুন্নত রাখার ব্যাপারে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (৮ নভেম্বর) জেনেভায় জাতিসংঘের নবনিযুক্ত মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তার্কের সঙ্গে এক বৈঠকে এ অঙ্গীকারের কথা ব্যক্ত করেন আইনমন্ত্রী।

বৈঠকে তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রচেষ্টাকে সফল করতে জাতিসংঘের অধিকতর শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। আইনমন্ত্রী হাইকমিশনারকে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তার অফিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথাও অবহিত করেন। এসময় হাইকমিশনার ভলকার তার্ক রোহিঙ্গাদের আশ্রয় দানের জন্য বাংলাদেশ সরকারের মানবীয় উদারতার ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাতের শুরুতে আইনমন্ত্রী আনিসুল হক নবনিযুক্ত মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে অভিনন্দন জানান।

বৈঠকে জেনেভার জাতিসংঘ অফিসে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

জেনেভা সফরকালে আইনমন্ত্রী মঙ্গলবার আন্তর্জাতিক শ্রম সংস্থার নবনিযুক্ত ডিরেক্টর জেনারেল গিলবার্ট এফ হংবোর সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় তিনি শ্রম অধিকার রক্ষায় বাংলাদেশ সরকার থেকে নেওয়া নানা পদক্ষেপ সম্পর্কে ডিরেক্টর জেনারেলকে অবহিত করেন। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানও উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//