
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: টঙ্গী-পাঁচদোনা মহাসড়কের নরসিংদীর ঘোড়াশালে শহীদ ময়েজউদ্দিন সেতুর প্রধান সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দে ভরা এ মহাসড়কে চলাচলকারীরা প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বড় বড় গর্তের কারণে যানবাহন ধীরগতিতে চলায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।
ব্যস্ততম এ ঘোড়াশাল-পাঁচদোনা সড়কটি ঢাকার উত্তরাঞ্চলের সঙ্গে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলা শহরে যাতায়াতের জন্য গুরুত্ব বহন করে আসছে। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করছে যাত্রী ও পণ্যবাহী হাজারো পরিবহন। এ ছাড়া সড়কের আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী যাতায়াত করার সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা। এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও সড়ক ও জনপদ বিভাগ সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।
শহীদ ময়েজউদ্দিন সেতুর পূর্ব পাশে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের প্রায় এক কিলোমিটার জুড়ে রাস্তার পিচ উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পরিণত হয়েছে। এ ছাড়া অধিকাংশ স্থানে সড়ক দেবে মাটি বের হয়ে গেছে, ফলে অল্প বৃষ্টি হলে কাদায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো সড়ক। আসছে ঈদকে সামনে রেখে কোন রকম জোড়া তালি দিয়ে তড়িঘড়ি করে রাস্তায় ইট বিছিয়ে সোলিং করে দিতে দেখা গেলেও। প্রতিদিন কমবেশী বৃষ্টিপাতের মধ্যে অতিরিক্ত হারে যানবাহন চলাচলে তা কোন কাজেই আসছেনা। যানবাহনের চাপে বৃষ্টির পানিতে সোলিংয়ের ইট খসে পড়ে আরোও করুন রূপ নিচ্ছে।
এ প্রসঙ্গে নরসিংদীর সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, রাস্তাটি মেরামতে দরপত্রের কাজ শেষ হয়েছে। বর্ষা মৌসুম শেষে এর কাজ ধরা হবে।
(এসএইচআর/এসএএম/ ২১ জুন ২০১৭)