
নিজস্ব প্রতিবেদক: ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিটি শিশুকে মানবসম্পদে পরিণত করতে হবে। এর মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার যাত্রায় তাদের উন্নয়ন সহকারী হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, এ জন্য সব সন্তানকে নিজের পরিবারের সদস্য মনে করে সমাজের সরকারের পাশাপাশি সবাইকে যথাযথ অবদান রাখতে হবে।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) আয়োজিত ‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডেপুটি স্পিকার।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে হানাদার বাহিনীকে পরাজিত করার ক্ষেত্রে সাধ্যানুযায়ী প্রত্যক্ষ ভূমিকা পালন করে। স্বাধীনতার অব্যবহিত পরই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ সব শিশু ও নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠায় সংবিধানে কয়েকটি ধারা সংযুক্ত করা হয়।
ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতার দৌহিত্রী ও শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন পুতুল অটিজম নিয়ে অসামান্য অবদান রাখায় সারাবিশ্বে প্রশংসিত হয়েছেন। সরকার শিশুদের অধিকার রক্ষায় ও তাদের মানবসম্পদে পরিণত করতে নানাবিধ ভূমিকা পালন করছে। সরকার বিশ্বাস করে ২০৪১ সালের মাধ্যে উন্নত দেশ গড়তে হলে শিশু-নারী-পুরুষ সবার অবদান রাখা প্রয়োজন।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জাকারিয়া পিন্টু, বাশিকপের সাধারণ সম্পাদক মনিরুল আলম প্রমুখ বক্তব্য দেন।
বিনিয়োগবার্তা/এমআর//