Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 10 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণের পালা শেষ হয়েছে। এখন চলছে গণনা। ভোট গণনায় দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। তবে কংগ্রেসের দুই কক্ষেই এগিয়ে রয়েছে ট্রাম্পের রিপাবলিকান দল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে রিপাবলিকান দল পেয়েছে ২০৯ আসন ও বাইডেনের দল ডেমোক্রেট পেয়েছে ১৮৯। অন্যদিকে উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকানরা পেয়েছে ৪৯ আসন ও ডেমোক্রেটরা পেয়েছে ৪৮ আসন।

জানা গেছে, মোট ৪৩৫ আসনের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ পেতে একটি দলের প্রয়োজন ২১৮ আসন। আর ১০০ আসনের সিনেটের নিয়ন্ত্রণ পেতে দরকার ৫১ আসন।

যুক্তরাষ্ট্রে এবারের মধ্যবর্তী নির্বাচনে পার্লামেন্টের প্রতিনিধি ছাড়াও বেশ কয়েকটি রাজ্যে গভর্নরেরও নির্বাচন হয়েছে। ফ্লোরিডা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, অ্যারিজোনার মতো রাজ্যগুলোতে ভোটগ্রহণ শেষ হয়ে গেছে।

বুথ ফেরত জরিপ অনুযায়ী, এবারের ভোটে মূলত দুইটি বিষয় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। এক, মূল্যস্ফীতি ও দুই, গর্ভপাত। ভোটের জরিপ বলছে, রিপাবলিকানদের দিকে মানুষের ঝোঁক বেশি। ফলে মার্কিন কংগ্রেসে ডেমোক্রেটদের একাধিপত্য এবার কমতে পারে।

বেশ কিছু রাজ্যে ভোটের হার উল্লেখযোগ্য। বলা হচ্ছে, ডেমোক্রেটরা খুব শান্তিতে নেই। এবারের ভোটে তাদের ফলাফল ভালো হবে না বলে আগেই অনেকে ধরে নিয়েছেন। হাউজ অব রিপ্রেজেনটেটিভ এবং সিনেট দুই কক্ষেই এবার রিপাবলিকানদের একাধিপত্য হবে বলে মনে করছেন অনেকে। বুথ ফেরত সমীক্ষাও সেই ইঙ্গিতই দিচ্ছে। যদি তাই হয়, তাহলে আগামী কয়েকবছর প্রেসিডেন্ট বাইডেনের পক্ষে কাজ করা আরও কঠিন হয়ে পড়বে।

এতদিন কংগ্রেসে বিরাট সমর্থন পেয়েছেন বাইডেন। উচ্চকক্ষ সেনেটে গিয়ে তাকে বার বার হোঁটচ খেতে হয়েছে। কংগ্রেসে রিপাবলিকানের সংখ্যা বেড়ে গেলে নিম্নকক্ষেও বাইডেনকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে।

তবে এবারের মধ্যবর্তী নির্বাচনে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে ভোটার সংখ্যা বেড়েছে। বিশেষ করে ২০১৪ এবং ২০১৮ সালের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ। তবে এই ভোটার সংখ্যা পূর্বের প্রজন্মের তুলনায় আবার কম।

বিনিয়োগবার্তা/এসএল//