Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 10 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ডলার সংকটের কারণে দেশের রিজার্ভে চাপ বাড়ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। 

ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট আমাদের জাতীয় জীবনেও সংকট বয়ে এনেছে। ডলার সংকটে রিজার্ভে চাপ বাড়ছে। ব্রিটেনের মতো দেশে মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে চলে গেছে। সেখানে আমাদের মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশ থেকে ৮ দশমিক ৫ শতাংশে নামিয়ে এনেছি। দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির গতিও কমেছে। আশা করছি, ধীরে ধীরে স্বস্তি ফিরবে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটি বড় দল। আমরা চাই তারা নির্বাচনে আসুক। কাউকে অবশ্য জোর করে আমরা নির্বাচনে আনতে পারব না। তবে আগামী নির্বাচনে বিএনপি যে অংশ নেবে, এটা আমরা নিশ্চিত। তাদের বাইরের আন্দোলন আর ভেতরের প্রস্তুতি—এ খবর না রাখলে আমরা সরকারে আছি কেন?

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সভা-সমাবেশে ‘খেলা হবে’ কথাটি বেশ কয়েকবার বলেছেন ওবায়দুল কাদের। তবে কার সঙ্গে, কোথায়, কীভাবে খেলা হবে—দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা একটা ‘পলিটিক্যাল হিউমার’। একটা ফুল বিক্রেতা শিশুও আমার গাড়ি দেখে বলে খেলা হবে। ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল খেলা হবে। মমতা ব্যানার্জি বলেছেন। নরেন্দ্র মোদিও বলেছেন। বক্তব্য শুরু করেছেন হিন্দি টোনে খেলা হবে বলে।

একটা মোরাল বুস্টআপের জন্য আমরা আজকে যে স্লোগানটা দিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশে অতীতের মতো দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, হাওয়া ভবন—এসব যেন আর না হয়। সে জন্যই আমাদের এ স্লোগান। তিনি আরো বলেন, বিএনপির আন্দোলনের কথা শুনলে দেশের মানুষ মনে করে এই বুঝি আগুন সন্ত্রাস শুরু হলো। বিএনপির খেলা হলো, আগুন নিয়ে খেলা। এটা তো ভয়ঙ্কর। আমরা তো কথায় খেলা হবে বলছি। লাঠিসোটাও নেই, মারামারিও করিনি। ওইসব বাজে মতলব আমাদের নেই। বিএনপির অগ্নিসন্ত্রাস জনগণই প্রতিরোধ করবে।

মতবিনিময়কালে ওবায়দুল কাদের জানান, ১২ নভেম্বর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ উদ্বোধন ও ২৬ নভেম্বর চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউব ভার্চুয়ালি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করা হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//