
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বব্যাপী কৃষিখাতে কার্বন নিঃসরণ কমানোর চাপের মুখেও দেশে খাদ্য নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার বিকেলে মিশরের শারম আল শাইখে চলমান ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের খাদ্য ব্যবস্থাপনায় জলবায়ু সহিষ্ণুতা গড়ে তোলা সেশনে এ কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষকে খাদ্য জোগান দেওয়াই একটা বড় চ্যালেঞ্জ। পঞ্চাশের দশকে যখন এই জনপদের জনসংখ্যা সাড়ে পাঁচ কোটি ছিল, তখন থেকেই এখানে খাদ্য ঘাটতি দেখা দেয়। প্রতি বছর কৃষি জমির পরিমাণ এক শতাংশ করে কমে। আর এখন আমাদের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। তবুও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের কৃষিখাতে কার্বন নিঃসরণ কমাতে বলা হলেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত রেখেই আমাদের কৃষিকে জলবায়ু সহিষ্ণু করতে হবে। খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করে আমরা কিছু করতে পারবো না।
খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান হোছাইনীর সঞ্চালনায় এ সেশনে অংশ নেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান, পরিবেশবিদ সেলিম উল হক, বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি ন্যান্সি আবুরটো, গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর নির্বাহী পরিচালক ড. লরেন্স হাদ্দাদ প্রমুখ।
বিনিয়োগবার্তা/এসএল//