
নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠবারের মতো আয়োজিত হচ্ছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। শনিবার (১২ নভেম্বর) এই আয়োজনে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়।
সিআরআইয়ের অঙ্গ-প্রতিষ্ঠান ইয়াং বাংলার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত আট বছরে ছয়বার দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের হাতে তুলে দেয়া হয় এই অ্যাওয়ার্ড।
ইয়াং বাংলা জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের জন্য প্রতিষ্ঠা করেন তারুণ্যের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ইয়াং বাংলা।
তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং দেশ গঠনে এগিয়ে আসতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড, জয় বাংলা কনসার্ট, পলিসি ক্যাফেসহ তরুণদের কাছে জনপ্রিয় নানা কার্যক্রম পরিচালনা করে ইয়াং বাংলা। এক লাখের বেশি তরুণকে নিয়ে তৈরি ইয়াং বাংলার নেটওয়ার্ক।
'কানেক্টিং দ্য ডটস' স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইয়াং বাংলা বর্তমানে তারুণ্যের সবচাইতে বড় প্ল্যাটফর্ম। ১৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং ৫০০টির বেশি সংগঠনকে সঙ্গে নিয়ে ইয়াং বাংলার পথচলা।
বিনিয়োগবার্তা/এমআর//