
নিজস্ব প্রতিবেদক: ‘মেইড ইন বাংলাদেশ উইক’ দেশের চলমান রিজার্ভ সংকট কাটাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) প্রেসিডেন্ট ফারুক হাসান।
শনিবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
দেশে প্রথমবারের মতো ‘মেইড ইন বাংলাদেশ উইক’ শুরু হতে যাচ্ছে রোববার। বাংলাদেশের পোশাক শিল্পের বিশ্বব্যাপী প্রচার, বহির্বিশ্বে নতুন বাজারে রফতানিসহ এ শিল্পের সম্প্রসারণের লক্ষ্যে এই ইভেন্ট আয়োজন করা হচ্ছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার মেইড ইন বাংলাদেশ উইকের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লিখিত বক্তব্যে ফারুক হাসান বলেন, পোশাক শিল্পের ভাবমূর্তির উন্নয়ন ও বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে সাত দিনব্যাপী এই আয়োজন। এ ধরনের আয়োজন এবারই প্রথম। করোনা পরিস্থিতি থেকে যে আমরা বেরিয়ে আসতে পেরেছি, এর মাধ্যমে সেটা বিশ্বের কাছে তুলে ধরব।
তিনি বলেন, বায়াররা পোশাকের দাম কমায় না, দাম কমান পোশাক কারখানা মালিকরা। বিশ্ব মন্দার কারণে এখন আমাদের অর্ডার কমেছে, এই অজুহাতে যৌক্তিক মূল্যের চেয়েও কম মূল্যে পোশাক রপ্তানির অর্ডার নিচ্ছেন কারখানা মালিকরা। যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে পোশাক রপ্তানির অর্ডার নিলে আমাদের অস্তিত্ব থাকবে না।
সংবাদ সম্মেলনে বিজিএমইর পরিচালকমন্ডলী ও বিভিন্ন দেশ থেকে আগত পোশাক ক্রেতাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//