
নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এই উন্নয়নে কাজ সবাইকে সঙ্গে নিয়ে করতে হবে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামায়াত বিএনপি দেশকে কারাগারে পরিণত করেছিল। বিএনপি-জামায়াত জোট সরকারের কাছে সার চেয়ে ১৯ জন কৃষক প্রাণ হারিয়েছেন। মেহেরপুর জেলার মানুষও সেদিন দিনের বেলায় মাঠে কাজ করে রাত জেগে পাড়ায় পাড়ায় পাহারা বসিয়ে নিজেদের রক্ষা করছেন।
সারাদেশে একযোগে আদালতে বোমা হামলা, যশোরে উদীচীর অনুষ্ঠানে সিনেমা হলে, রমনা পার্কের বৈশাখীর অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছিল। আওয়ামীলীগের সমাবেশে বোমা হামলা চালিয়ে তারা বলেছিল- শেখ হাসিনা ভ্যানেটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসে নিজেই বিস্ফোরণ ঘটিয়েছে। ঢাকায় সমাবেশ ডেকে মতিউর রহমান নিজামী আর মুজাহিদের ব্যঙ্গাত্মক হাসি হেঁসে বলেছিল আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বে বোমার বিস্ফোরণ ঘটেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ পরপর ৩ বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরেও শেখ হাসিনা সেই বোমা হামলার প্রতিশোধ নিতে বলেননি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও বিএনপির কোনো কর্মসূচীতে নিষ্ঠুরভাবে গ্রেনেড হামলার মতো কোনো ঘটনা ঘটানো হয়নি।
জেলার উন্নয়ন তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুর এখন সারাদেশের উন্নয়নের অনন্য জনপদ। মেহেরপুরে ৫৯ কিলো ভৈরব নদ খনন, মুজিবনগর বিশ্ববিদ্যালয়, চেকপোস্ট, বেতার স্টেশন, রেল লাইনের অনুমোদন, ৬৫৩ কোটি টাকা ব্যায়ে মেহেরপুর-কুষ্টিয়া রাস্তা নির্মাণ, মেহেরপুর আবহাওয়া অফিস, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, টিটিসি নির্মাণসহ বিভিন্ন স্কুল কলেজ মাদরাসার সুরম্য ভবন নির্মাণসহ সদর ও মুজিবনগরের বিভিন্ন রাস্তাঘাট নির্মাণের জন্য এলজিইডির আওতায় ৪৬৮ কোটি টাকা ব্যায়ে উন্নয়ন হয়েছে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মেহেরপুর-২ আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সভাপতি হিসাব উদ্দীন মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রমুখ।
বিনিয়োগবার্তা/এমআর//