Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহীকে নিয়ে বাংলাদেশে অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্টদের অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স বা ভ্যাট আদায়ের বিষয়ে পদক্ষেপ নিতে পারলেও নোরা ফাতেহীর অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না।

বুধবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পর্যটন আকর্ষণ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাছান মাহমুদ এসব কথা বলেন।

কূটনৈতিকদের শিষ্টাচারের মধ্যে থাকা উচিত মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বিদেশি কূটনৈতিকদের আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে গেলে আরো শিষ্টাচারের মধ্যে থাকা উচিত। কূটনৈতিকদের শিষ্টাচার বহির্ভূত কথা বলার পেছনে বিএনপিই বেশি দায়ী। কারণ তারা বারবার তাদের (কূটনৈতিকদের) কাছে গিয়ে কথা বলাতে বাধ্য করে। কূটনৈতিকদের পায়ে পানি ঢালে।

রাস্তা বন্ধ করে বিএনপির সমাবেশের বিষয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, মানুষের দুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি পালন করা ঠিক না। আওয়ামী লীগ সব সময় চেষ্টা করে, জনগণের দুর্ভোগের কর্মসূচি না করার। এমনকি প্রধানমন্ত্রীও এ ধরনের কর্মসূচি পালন করতে নিষেধ করেছেন।

এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর প্রকাশিত ‘বাংলাদেশের পর্যটন (ট্যুরিজম অভ্ বাংলাদেশ)’ বইয়ের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী। মন্ত্রণালয়ের সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া এবং পরিচালক মোহাম্মদ আলী মোড়ক উন্মোচনে অংশ নেন। এ প্রসঙ্গে পর্যটন খাত বৈদেশিক মুদ্রার আহরক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সে ক্ষেত্রে এই প্রকাশনাটি বিশেষ গুরুত্ববহ। সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার গ্রন্থটি প্রকাশের জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরকে ধন্যবাদ জানান এবং এ ধরণের গুরুত্বপূর্ণ খাত চিহ্নিত করে সে সব বিষয়ে প্রকাশনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। 

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//