Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: তুরস্ক বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় বলে মনে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

তিনি বলেন, নির্বাচন কিভাবে হবে তা দেশের অভ্যন্তরীণ বিষয়। তবে এ ধরনের নির্বাচনের আয়োজন কীভাবে করা হবে- সে সিদ্ধান্ত বাংলাদেশই নেবে, অন্য কোনো দেশ নয়।

বুধবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বেসেডার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তুর্কি রাষ্ট্রদূত বলেন, এখানে সরকার ও বিরোধী দল উভয়ই দায়িত্ব পালন করছে। সংলাপেরও জায়গা আছে৷ তবে সব বিরোধী দলকেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। কেননা নির্বাচনে বিদেশী পর্যবেক্ষকের চেয়ে বিরোধী দলগুলোই সবচেয়ে ভালো পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে পারে।

বর্তমানে বাংলাদেশ তুরস্কের মধ্যে ৯৫০ মিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আগামী বছরের মধ্যে সেটি ২ বিলিয়ন ডলারে পৌঁছবে। পুরো বিশ্ব যখন অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল তখনই দুই দেশের মাঝে এতো বড় অংকের বাণিজ্য হয়েছে। আমি আশা করি দ্রুতই তা বাড়বে।

মোস্তফা ওসমান বলেন, বাংলাদেশ থেকে আমরা পাট ও পোশাক কিনছি। আমাদের মাঝে অগ্রাধিকারমূলক চুক্তি হলে যে সমস্যাগুলো আছে ঐগুলো সমাধান হবে।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা শুরু থেকেই রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের পাশে আছি। আইসিজেতে গাম্বিয়ার করা মামলায় আমরা অর্থনৈতিক ও আইনগতভাবে সহযোগিতা করছি। আমাদের জনসংখ্যার চেয়ে চার গুণ বেশি উদ্বাস্তুকে আশ্রয় দেয়ায় আমরা জানি রোহিঙ্গা সংকটের তীব্রতা।

তুরস্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ রাশিয়া থেকে গ্যাস কেনার কথা ভাবছে। বাংলাদেশও সেরকম ভাবলে আমরা এলএনজি ট্রানজিট হতে পারলে আনন্দিত হবো। যদিও এখন পর্যন্ত এটি নিয়ে কোনো পরিপূর্ণ পরিকল্পনা নেই।

বিনিয়োগবার্তা/এসএএম//