
নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রা দেশে আনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় দেশের ব্যাংকিং খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ ব্যাংক প্রবাসী বাংলাদেশি ও তাদের প্রিয়জনদের জানিয়েছে, কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলের বাইরে (হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে) প্রেরণ করা আইনত দন্ডনীয় অপরাধ এবং এতে দেশ ক্ষতিগ্রস্ত হয়।
তাদের অর্জিত মূল্যবান বৈদেশিক মুদ্রা হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে না পাঠিয়ে বৈধ পথে/ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে প্রেরণ করুক, দেশ গড়ায় মূল্যবান অবদান রাখুক এবং তাদের প্রিয়জনকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখুক।
উল্লেখ্য, অবৈধ পথে রেমিট্যান্স প্রেরণের সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে প্রচলিত আইনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//