
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রথম ফ্লাইট উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ।
জানা গেছে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নভোএয়ারের একটি ফ্লাইট ছেড়ে যাবে।
প্রতি সপ্তাহে রোববার বিকেল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। এ রুটে যাতায়াতে সময় লাগবে দেড় ঘণ্টা।
এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯০০ টাকা। এদিকে, ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাত ও চার দিনের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
অফারটি উপভোগ করতে দুইজনের রাজশাহী থেকে কক্সবাজারের রিটার্ন টিকিট কিনতে হবে। এই অফারে দুইজনের কক্সবাজার যাওয়া-আসা এবং তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা রয়েছে।
বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//