
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরকে বাংলাদেশের বিভিন্ন খাতে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে সিঙ্গাপুরের পরিবহন ও বাণিজ্যমন্ত্রী এস ইশ্বরনের সঙ্গে যৌথ আলোচনায় এ আহ্বান জানান তিনি।
সালমান ফজলুর রহমান বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুর উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। লজিস্টিক্স ক্ষেত্রে সিঙ্গাপুরের দক্ষতা বাংলাদেশ বিভিন্নভাবে কাজে লাগাতে পারে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সিঙ্গাপুর আমাদের পুরনো বন্ধু। আমাদের দেশের জ্বালানিখাতে তারা আগেই বিনিয়োগ করেছে। এবার প্রচলিত জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়াতে আগ্রহের কথা জানিয়েছে তারা। এতে বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যেসহযোগিতার আরও নতুন দ্বার উন্মোচিত হবে।
অন্যদিকে এস ইশ্বরন বলেন, বৈশ্বিক সংকট কাটিয়ে বাণিজ্য সুবিধা বৃদ্ধি এবং সিঙ্গাপুরের মাধ্যমে আসিয়ান দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আমরা একমত পোষণ করেছি। এসব বিষয় এগিয়ে নেয়ার ক্ষেত্রে দু’দেশের মধ্যে জয়েন্ট ওয়াকিং গ্রুপ তৈরির কাজ চলমান।
তিনি আরো বলেন, উভয় দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। আইসিটি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে পারে সিঙ্গাপুর। বাংলাদেশ পর্যটনসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রচারণা বৃদ্ধি করতে পারে।
বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুণ ও ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনারসহ দু’দেশের সরকারি পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//