
নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে আর কোনো নির্বাচন হবে না বলে সরকারকে হুঁশিয়ারি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, গত ১৪ বছরে এই সরকার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এই সরকারের বিচার হবে জনগণের আদালতে। মানুষের সব অধিকার কেড়ে নেয়ার অপরাধে এই সরকারের বিচার হবে।
শনিবার বিকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বক্তব্য এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, সরকার এখন মামলা খেলা করছে। কোনো কিছুই ঘটে নাই। তবু তারা নাশকতার কথা বলে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা করে। আবার হুমকি দেয়, হেফাজতের মতো অবস্থা হবে।
তিনি বলেন, সরকার মনে করছে গুলি করলে, হত্যা করলে কিংবা ধর্মঘট দিলে বিএনপি থেমে যাবে। তাদের এই থিউরি কাজ করেনি। উল্টো সমাবেশগুলোতে আরো বেশি মানুষ উপস্থিত হচ্ছে। ফখরুল বলেন, হুমকি ধামকিতে কাজ হবে না। জনগণ আজ জেগে উঠেছে। জনগণ বিজয় ছাড়া ঘরে ফিরে যাবে না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দেশে শান্তি চাই। অশান্তি চাই না। আমাদের দাবি এক, সরকারের পতন চাই। রাজপথেই এর ফয়সালা হবে। এই দানবীয় সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। মধ্যবর্তী সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।
দ্রব্যমূল্যবৃদ্ধি প্রসঙ্গে ফখরুল বলেন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক শ্রমিক কিন্তু এখন শান্তিতে নেই। গতকালও চিনির দাম, তেলের দাম বেড়েছে। সবকিছুর দাম বেড়েছে। মানুষ এখন খেতে পারে না। তিন কোটি মানুষ বেকার। অথচ তারা ১০ টাকা দামে চাল খাওয়াবে বলেছিল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কেবল সংবিধানের দোহাই দেন। এই সংবিধান তো তিনি সংশোধন করিয়েছেন। এই সংবিধান আমরা মানি না। আর যদি একটি মিথ্যে মামলা দেয়া হয় তবে জনগণ তা প্রতিহত করবে। শেখ হাসিনা সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও মধ্যবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চাই। ইভিএম দিয়ে আর কাজ হবে না।
মিজা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, সব দলকে আমরা আহ্বান জানাই, আসুন আমরা একাত্তরের মতো এক হই। এই দানবীয় সরকারকে সবাই মিলে পরাজিত করি।
এর আগে সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগেই শুরু হয়।
শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। চলে টানা বিকেল ৫টা পর্যন্ত।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা খন্দাকার আব্দুল মুক্তাদির, বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, সিলেট সিটি কর্পোরেশনে মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ফজলুর রহমান, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনাসহ কেন্দ্রীয় নেতারা।
বিনিয়োগবার্তা/এসএএম//