Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তামাকজাত পণ্যের ব্যবহার কমিয়ে ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের জন্য প্রয়োজন শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন।

রবিবার (২০ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান-প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স- আত্মা’র সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন অধিকতর সংশোধনের অগ্রগতি এবং এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের করণীয় সম্পর্কে তুলে ধরতে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রজ্ঞা ও আত্মার প্রতিনিধি দল।

মন্ত্রী বলেন, তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীর উদ্যোগ ‘সময়োযোগী’। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ উদ্যোগে আমার মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে।

বৈঠকে প্রজ্ঞা এবং আত্মা’র পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৩৫.৩ শতাংশ (৩ কোটি ৭৮ লাখ) তামাক ব্যবহার করে। তামাক খাত থেকে অর্জিত রাজস্ব আয়ের তুলনায় তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতায় আর্থিক ক্ষতির পরিমাণ অনেক বেশি। তামাকের এই ভয়াবহতা রোধে ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে তিনি তামাক নিয়ন্ত্রণ আইন যুগোপযোগী করার নির্দেশ দেন। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করে।

বৈঠকে অংশ নেন- ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস-এর বাংলাদেশ লিড পলিসি অ্যাডভাইজার মোস্তাফিজুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, প্রজ্ঞা’র কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//