Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের মুখে স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে (জঙ্গি) ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের এক পরিদর্শকসহ মোট পাঁচ জনকে বরখাস্ত করা হয়েছে৷ দায়িত্বে অবহেলার দায়ে তাদের বরখাস্ত করা হয়।

সোমবার (২১ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. হারুন অর রশিদ।

তিনি বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের আমরা নজরদারিতে রেখেছি। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।  

এর আগে, রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফীন দীপন হত্যা মামলায় আদালতে আনার পর পুলিশের চোখে-মুখে গ্যাস স্প্রে করে পালিয়ে যান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্য।পালিয়ে যাওয়া দুই জঙ্গি হলো-আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীম। তারা দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশকে স্প্রে করে আগে থেকে প্রস্তুত একটি মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যান তারা। মোটরসাইকেলের চালক ছিলেন আরেকজন।

ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন আর রশীদ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, ঘটনার পরপরই আমাদের গোয়েন্দা সদস্যরা আসামিদের ধরার জন্য কাজ শুরু করেছে। ঢাকার সব চেকপোস্টগুলোতে মেসেজ পাঠানো হয়েছে। আশপাশের অলিগলিতে তল্লাশি করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিন তার স্ত্রী শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এমামলায় গত ১০ ফেব্রুয়ারি বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ আটজনের মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বিনিয়োগবার্তা/এমআর//