Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারবাজার সম্পর্কিত মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে মো: আবু রমিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২২ নভেম্বর ২০২২) রাজধানীর শেরে বাংলানগর থানায় বিএসইসির পক্ষে এই মামলাটি দায়ের করেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো: মাসুম বিল্লাহ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এজাহারে তিনি উল্লেখ করেন, আমি নিম্ন স্বাক্ষরকারী মো: মাসুম বিল্লাহ (২৭) পিতা- মৃত নুরুল ইসলাম, সাং প্রসন্নপুর, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর, সহকারী পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, আগারগাঁও, থানা- শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ এই মর্মে একখানা এজাহার দায়ের করছি যে, গত ২০ নভেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে আনুমানিক সকাল ১০ ঘটিকায় জনৈক মো: আবু রমিম, পিতা: আবু তাহের মিয়া, জাতীয় পরিচয় পত্র নম্বর- 19781595716000001, মোবাইল নম্বর: 01975064294, ঠিকানা: দাগনভুইয়া-৩৯২০, দাগনভূঁঞা, ফেনী। বর্তমান ঠিকানা: ১১/বি বেভারলী হিল, চকবাজার-২৪০৩, পাঁচলাইশ, চট্রগ্রাম, বিডি স্টকস ডিসকাশন (মডারেটর), ফেসবুক পেইজ, (http://www.facebook.com/bdstocksdiscussion) - এ পুঁজিবাজারের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে/বিনিয়োগকারীদের প্রতারিত করার উদ্দেশ্যে তার পরিচালিত ফেসবুক পেইজে নিম্নরুপ তথ্য পরিবেশন করেন: “একটি অনির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গতদিন পাকিস্তান হারাতে আজ বাজার কমেছে-এর পিছনে বিএনপি জামায়াত চক্রের হাত থাকতে পারে, “শিবলী সাহেব, আপনার আইপিও প্রসব বন্ধ করেন। এটিবি ফেটেবি বাদ দিয়া মূল বাজারের দিকে মনোযোগ দিন, “পুরাই ইন্ডিয়ান চুলের মার্কেট করে দিছে, আজ সব চার্টিস ধরা!!”, “মার্কেট এটাই বুঝাতে যাচ্ছে যে, বেক্সিমকো/ওরিয়ন গ্রুপ না টিকলে এই বাজার ধরে রাখা যাবে না, “আশা করা যায় আগামীকাল চেক সংক্রান্ত প্রজ্ঞাপনের স্থগিতাদেশ আসবে, যতক্ষণ না আসবে ততক্ষণ মাইর চলবে। যদি ট্রেড আওয়ারে আসে তবে মার্কেট U টার্ন করবে এবং কোন কারণে ট্রেড আওয়ারে না আসলে ট্রেড শেষে মাস্ট। যাদের ক্রয় ক্ষমতা আছে আগামীকাল তাদের জন্য অভাবিত কম দামে কেনার সুযোগ থাকবে। নেটিং এর রিস্ক না নেয়াটাই ভাল, কোন কারণে স্থগিতাদেশ ট্রেড আওয়ারে না আসলে ধরা খেয়ে যাবেন। ইনশা আল্লাহ, আশা করি ভাল কিছু হবে। EHL, BDCOM ও আরো কিছু শেয়ার নিয়ে গেম্বলিং এর দরুন হিরুকে ৪.৫ কোটি টাকা জরিমানা নিউজটা আগামীকাল কিছু পত্রিকায় প্রকাশিত হলেও এটা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। বাজার ভাল করার জন্য সবাইকেই কম বেশি ছাড় দেয়া হতে পারে। শুভ রাত্রি” ইত্যাদি মিথ্যা, কাল্পনিক ও বিভ্রান্তিকর পোস্ট করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি তথা মো: আবু রমিম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারবাজার সম্পর্কিত মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন। অভিযুক্ত ব্যাক্তি বে-আইনীভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে উল্লিখিত কার্যকলাপের মাধ্যমে বিনিয়োগকারীদের প্ররোচনা ও প্রলুদ্ধ করে আসছেন। এরূপ কার্যকলাপের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি পুঁজিবাজারকে প্রভাবিত করার মাধ্যমে বে-আইনী কার্যকলাপ সাধন করছেন, যা পুঁজিবাজার তথা বিনিয়োগকরী এবং সার্বিকভাবে রাষ্ট্রের স্বার্থবিরোধী কার্যক্রম বটে। পুঁজিবাজারে একটি চক্র বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনব উপায়ে বাজারে অস্থিরতা সৃষ্টি করত: পুঁজিবাজারকে প্রভাবিত করার মাধ্যমে ও স্বীয় অসদুদ্দে্শ্য চরিতার্থ করার নিমিত্ত বিভিন্ন অপকর্ম করছে। এক্ষেত্রে, অভিযুক্ত মো: আবু রমিম উল্লিখিত ফেসবুক পোস্ট ব্যবহার করে পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন গুজব সৃষ্টির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের প্ররোচনার মাধ্যমে প্রতারণার জালে ফেলছে। এ ধরণের প্রতারণামূলক কার্যক্রম কেবলমাত্র ফৌজদারি অপরাধই না. এর সাথে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ও স্থিতিশীলতা বিনষ্টের উপাদান রয়েছে।

এমতাবস্থায় অভিযুক্ত মো: আবু রমিম-এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে মর্জি হয়।

জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, পুঁজিবাজার নিয়ে একটি কুচক্রি মহল পরিকল্পিকভাবে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। বিভিন্ন সময় আমরা নানাভাবে তাদেরকে সতর্ক করে আসলেও কোনোভাবেই তাদের দৌরাত্ন থামছে না। তাই আমাদের ইন্টেলেকচ্যুয়াল টিমের তদারকির মাধ্যমে তাদেরকে খুঁজে বের করার চেষ্ঠা অব্যাহত রয়েছে।

তিনি জানান, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন্ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপপ্রচারের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। তাদের মধ্য থেকে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অপরাধিদের সনাক্ত করণ শেষে অচিরেই আরও কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//