Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে নদীগুলোকে রক্ষা করতে নৌপরিবহন ও পানিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় নদী রক্ষা কমিশন কাজ করে যাচ্ছে। আমরা চাই নদী রক্ষায় সবাই এগিয়ে আসুক। এ জন্য দরকার জনসচেতনতা।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ‘আত্রাই, ইছামতি, বড়াল, মহানন্দা ও পুনর্ভবা নদীর সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের বিভাগীয় কর্মশালায় এসব কথা বলেন তিনি। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮টি নদী সমীক্ষা প্রকল্প ও রাজশাহী বিভাগীয় নদী রক্ষা কমিটি এ কর্মশালার আয়োজন করে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের নদ-নদী, খাল-বিল রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে অগ্রগামী আর কেউ নেই। ১৯৯৯ সালে শেখ হাসিনাই প্রথম নদ-নদীগুলোকে দূষণমুক্ত রাখার উদ্যোগ গ্রহণ করেন। এর আগে আমাদের দেশে নদী নিয়ে তেমন কোনো আলোচনাই ছিল না। এখন আমাদের ড্রেজার সংখ্যা ৮০টি। এগুলো দৃশ্যমান বিধায় এ ধরনের উন্নয়নগুলো কেউ দেখতে পায় না।

তিনি বলেন, বঙ্গবন্ধুই ১৯৭৪ সালে নদীর নাব্যতা বাড়াতে ৮ টি ড্রেজার সংগ্রহ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় ২০০৮ সাল পর্যন্ত ঐ সংখ্যাটা ৯-এ পৌঁছায়নি।

প্রতিমন্ত্রী বলেন, একজন মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে যেমন শিরা-উপশিরায় রক্ত সঞ্চালন প্রয়োজন, তেমনি একটি দেশের বাঁচার জন্য দূষণমুক্ত ও নাব্য নদ-নদী দরকার। নদীকে রক্ষা করতে না পারলে দেশকে বাঁচানো যাবে না। বাংলাদেশ নদীমাতৃক দেশ তাই আমাদের দেশের নদ-নদী, নালা, খাল-বিল রক্ষা করতে হবে। এগুলোকে কাজে লাগাতে হবে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ও বিভাগীয় নদী রক্ষা কমিটির আহ্বায়ক জিএসএম জাফরউল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য আরো রাখেন- এমপি মো. আয়েন উদ্দিন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন, আরএমপি’র কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, ৪৮টি নদী সমীক্ষা প্রকল্পের পরিচালক ইকরামুল হক ও পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলাম প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//