Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৯৮ লাখ ৭০ হাজার ৯৭০ জন নাগরিক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। এর মধ্যে হিজড়া ২৫১ জন, নারী ৪৭ লাখ ৭৮ হাজার ৩ জন এবং পুরুষ ৫০ লাখ ৯২ হাজার ৭১৬ জন। 

ইসি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।  

কর্মকর্তারা জানিয়েছেন, এবার প্রাক্কলিত ভোটার ছি্লেন ৮৬ লাখ ১৮ হাজার ৭৩৭ জন। এই হিসেবে ভোটার হওয়ার জন্য নিবন্ধন কার্যক্রমের অগ্রগতির হার ৮ দশমিক ৫৯ শতাংশ।

হালনাগাদ কার্যক্রমের শুরু থেকে মোট ১ কোটি ২ লাখ ৫০ হাজার ৭৮৫ জনের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে নিবন্ধন কেন্দ্রে এসে ছবি তুলে, আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন ৯৮ লাখ ৭০ হাজার ৯৭০ জন।

হালনাগাদ কার্যক্রমে ২০ লাখ ৩৭ হাজার ৭৮৬ জন মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তালিকা থেকে ১৭ লাখ ৯ হাজার ৩২১ জনের নাম কর্তনের জন্য নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের ২০ মে থেকে গত ২০ নভেম্বর পর্যন্ত চার ধাপে হালনাগাদের কাজ সম্পন্ন করে ইসি। বর্তমানে চলছে দাবি-আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া। আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবসে হালনাগাদের অন্তর্ভুক্ত মোট ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এবারও গতবারের মতো তিন বছরের তথ্য একসঙ্গে নেওয়া হয়েছে। এক্ষেত্রে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যারা জন্ম নিয়েছেন তাদের তথ্য সংগ্রহ করেছে ইসি। বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন। অর্থাৎ নিবন্ধন সম্পন্নকারীদের মধ্যে যখন যার বয়স ১৮ বছর পূর্ণ হবে, তখন তিনি স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন।

এবারের হালনাগাদ কার্যক্রমের জন্য ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার টাকা, যা আগেরবারের চেয়ে ২৬ কোটি টাকা বেশি।

২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর থেকে এ পর্যন্ত ভোটার তালিকা হালানাগাদ করা হয়েছে পাঁচবার। ২০০৯-২০১০, ২০১২-২০১৩, ২০১৫-২০১৬, ২০১৭-২০১৮ ও ২০১৯-২০২০ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম চালিয়েছে ইসি।  

বর্তমানে ভোট আয়োজনকারী কর্তৃপক্ষের তথ্যভাণ্ডারে মোট ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটারের তথ্য রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। হিজড়া ভোটার ৪৫৪ জন।

বিনিয়োগবার্তা/এসএল//