
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী সিরামিক এক্সপো। প্রদর্শনীটি চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
প্রদর্শনী দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাদের জন্য কোনো ধরনের প্রবেশ মূল্য ছাড়াই প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আইসিসিবির নবরাত্রি হলে এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
প্রধান অতিথির বক্তব্যে বানিজ্য মন্ত্রী বলেন, অ্যাপারেলের মত সিরামিক পন্যও রপ্তানী করে বিলিয়ন ডলার আয় করবে বলে আমার প্রত্যাশা। চলমান বিশ্ব সংকটের কারণে বাংলাদেশেও জ্বালানি সমস্যায় পড়েছে। আশা করছি জানুয়ারি নাগাদ এই সমস্যার সমাধান হবে।
মোস্তফা আজাদ চৌধুরী বলেন, তৈরি পোশাক খাতের মত সিরামিক পণ্য রপ্তানীতে নগদ সহায়তা ও অন্যান্য সুযোগ সুবিধা দিলে আরও বেশি বৈদেশিক মুদ্রা দেশে আসবে। তাই বাণিজ্য মন্ত্রীকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার।
বিসিএমইএ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লাহ বলেন, স্যানিটারি, টেবিলওয়্যার ও টাইলস উৎপাদন করছে ৭০টির বেশি কারখানা। এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
সংগঠনের সাধারন সম্পাদক ইরফান উদ্দিন বলেন, বিশ্বব্যাপী সিরামিক পণ্যের চাহিদা বাড়ায় অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এই এক্সপোতে অনেক বিদেশি বিনিয়োগকারী ও কোম্পানি অংশ নিয়েছে।
বিনিয়োগবার্তা/এমআর//