
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন দলটির নারী বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাবনাজ জাহান শিলা।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির ষষ্ঠ ত্রি-বার্ষিক সম্মেলনে এ পদে নির্বাচিত হন তারা।
একইসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। ঢাকা দক্ষিণের সভাপতি হয়েছেন সাবেরা বেগম এবং সাধারণ সম্পাদক হয়েছেন পারুল আক্তার। এছাড়া ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে শাহিদা তারেক দীপ্তি এবং সাধারণ সম্পাদক হাসিনা বারী নির্বাচিত হয়েছেন।
এরআগে ২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সর্বশেষ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সাফিয়া খাতুনকে সভাপতি ও মাহমুদা বেগমকে সাধারণ সম্পাদক করা হয়।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পর এবার অনুষ্ঠিত হলো। করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে সম্মেলন হয়নি।
সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ছেয়ে যায়। শাহবাগ থেকে মৎস্য ভবন, অন্যদিকে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাপলা চত্বর পর্যন্ত সাজানো হয়।
বিনিয়োগবার্তা/এসএএম//