Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 28 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটাল যুগের উপযোগী প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, আমরা ডাটা ভিত্তিক সভ্যতার যুগে প্রবেশ করেছি।

তিনি বলেন, ডাটা হাইওয়ে বা ইন্টারনেট মহাসড়ক তৈরি করতে না পারলে সামনে এগিয়ে যাওয়ার কোনো প্রচেষ্টাই সফল হবে না। দেশে উচ্চগতির  ইন্টারনেটের টেকসই মহাসড়ক বিনির্মাণে আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছি। 

আইপিভি সিক্স প্রযুক্তি দ্রুত রূপান্তরের জন্য আইএসপিএবিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

রবিবার (২৭ নভেম্বর) মোস্তাফা জব্বার রাজধানীর রেডিসন হোটেলে আইএসপিএবি আয়োজিত ‘মিট দ্য হরাইজন’ অনুষ্ঠানে ‘আইএসপিবি নিক্স সেবা’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। 

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ইন্টারনেট ডিজিটাল বাংলাদেশ কিংবা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সবচেয়ে বড় শক্তি।  জনগণকে দ্রুত গতির ইন্টারনেট দিতে পারলে উন্নয়নের সবচেয়ে বড় শক্তি হিসেবে এটি কাজ করবে। 

তিনি বলেন, নিরবচ্ছিন্নভাবে দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সম্ভাব্য সব কিছু করতে সরকার বদ্ধপরিকর। 

মন্ত্রী সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেটের একদেশ একরেট চালু করার বিষয়টিকে দেশে ইন্টারনেট সেবা বিকাশে এক যুগান্তকারী কর্মসূচি বলে উল্লেখ করেন। 

তিনি বলেন, ডিজিটাল বৈষম্য বিমোচনে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হয়েছে। এ জন্য ‘আমরা এ বছর এসোসিও পুরস্কারও পেয়েছি’। 

ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার জনগণের কল্যাণে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে বলে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

বিনিয়োগবার্তা/এমআর//