Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 29 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল জেলা স্টেডিয়াম, টেনিস কোর্ট ও সুইমিংপুলসমূহের রক্ষনাবেক্ষণ যথাযথভাবে বজায় রেখে এবং সুনির্দিষ্ট নীতিমালা পালন সাপেক্ষে দৈনিক ৩-৪ ঘন্টা সর্বসাধারণের জন্য উম্মুক্ত করে দিতে সংশ্লিষ্ট কর্তপক্ষকে সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

সোমবার (২৮ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৭তম বৈঠক কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য নাজমুল হাসান, আব্দুস সালাম মূর্শেদী এবং জুয়েল আরেং বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি; যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সার্বিক কার্যক্রম এবং
কর্মসূচিতে কোন আর্থিক অনিয়ম থাকলে সে বিষয়ে গৃহীত ব্যবস্থার হালনাগাদ তথ্য এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে ঢাকা শহরে অবস্থিত ওয়াপদা, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রেলওয়ে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বেদখল জমিসমূহ খেলাধুলার উপযোগী করে তুলতে এবং মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে উন্নতমানের ফ্লাডলাইট প্রতিস্থাপন করতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//