Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 30 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আয়কর রিটার্ন দেওয়ার সময় এক মাস বাড়ল। নতুন সময় অনুযায়ী, আয়কর দেওয়া যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরআগে ১ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর করসেবা মাস শেষ হওয়ার কথা ছিল।

বুধবার (৩০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ‘যথাযথ কর প্রদানের মাধ্যমে করদাতাদের রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ ঘোষণা দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. সামস উদ্দিন আহমেদ।

এনবিআর আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহম্মদ মুসলিম চৌধুরী।

 অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আয়কর প্রদানে দেশের সকল নাগরিককে উৎসাহিত করতে নিরলস কাজ করছে এনবিআর। আগামীতে এনবিআরের রাজস্ব আহরণ প্রক্রিয়া শতভাগ তথ্য-প্রযুক্তিভিত্তিক করতে কাজ চলছে।

তিনি জানান, আংকর ও ভ্যাট আহরণ প্রক্রিয়া আইটিভিত্তিক করতে বিদেশি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলে নানা সমস্যা সৃষ্টি হয়। তাই লোকাল আইটি কোম্পানির মাধ্যমে এ কাজটি সম্পন্ন করতে চায় এনবিআর। এলক্ষ্যে লোকাল কোম্পানিগুলোর সঙ্গে আলাপ আলোচনা চলছে।

প্রধান অতিথির বক্তব্যে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহম্মদ মুসলিম চৌধুরী বলেন, রাজস্ব আহরণ প্রক্রিয়ায় বিদেশি কোম্পানির খপ্পরে পড়া যাবে না। আমাদের দেশে বহু আইটি কোম্পানি আছে যারা উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছে। এ কাজটি স্থানীয় আইটি কোম্পানির মাধ্যমে কিভাবে করা যায় তা নিয়ে আমাদেরকে ভাবতে হবে।

সেমিনারে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনবিআরের সদস্য প্রদ্দুত কুমার সরকার, মাসুদ সাদিক ও বিসিএস কর একাডেমির মহাপরিচালক ফজলুল হক।  

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//