Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 30 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১০ ডিসেম্বর সমাবেশ উপলক্ষে বিএনপি দুটি জায়গা চেয়েছিল। আমরা তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছি। 

এখন তারা বলছে, নয়াপল্টন কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চায়। সমাবেশকে ঘিরে অরাজকতা করার চেষ্টা করলে বিএনপি ভুল করবে।

বুধবার (৩০ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের অডিটরিয়মে ‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২’ প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনের উদ্বোধন শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ঢাকায় বিএনপির গণসমাবেশে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া যোগ দিলে জামিন বাতিল হবে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এটা আদালতের বিষয়, সেটা আদালত বুঝবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুন্দর পরিবেশের জন্যই তাদের সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। বিএনপি দুটি জায়গার কথা বলেছে, সোহরাওয়ার্দী ও মানিক মিয়া এভেনিউয়ে। তাদের দাবির প্রতি লক্ষ্য রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। আর মানিক মিয়া এভিনিউতে রাজনৈতিক কর্মসূচির সুযোগ নেই। কারণ সেখানে জাতীয় সংসদ রয়েছে।’

বিএনপির আপত্তি উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়ে সরকার কি ১০ তারিখ অরাজকতা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে– এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা চাই অরাজক পরিস্থিতি যাতে না হয়, সেই ব্যবস্থা করতে। ডিএমপি কমিশনারের কাছে তারা (বিএনপি) গিয়েছিলেন। তারা দুইটি জায়গা চেয়েছিল। তারা অনেক মানুষের সমাগম করবে, তাই সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউ চেয়েছে। সব দল ও বড় ধর্মীয় অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানে হয়।’

তিনি বলেন, ‘বিএনপির কর্মসূচির কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি এগিয়ে এনে তাদের সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা সব সময় বলেছি, যে কোনও কার্যক্রম আপনারা করবেন। কারণ এটা আপনাদের রাজনৈতিক অধিকার। তবে কোনও ক্রোমেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না।’

বিএনপি চাইছে না সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে। এ ক্ষেত্রে সরকারের বক্তব্য কি– জানতে চাইতে তিনি বলেন, ‘তারাই এই স্থানগুলো চেয়েছে। আর নয়াপল্টন অনেক ব্যস্ততম সড়ক। ওই রাস্তায় যদি তারা সমাবেশ করে– যেহেতু তারা বলেছে লাখ লাখ লোকের সমাগম করবে, তাহলে কি হবে অবস্থাটা? এখন আমি স্পষ্ট করে বলে দিতে চাই, তারা যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে, বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে তাহল তারা ভুল করবে।’

বিনিয়োগবার্তা/এমআর//