
নিজস্ব প্রতিবেদক: ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সুস্থ মানবসম্পদের কোনো বিকল্প নেই। সুস্থ মানবসম্পদ তৈরির অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলার চর্চা করা। ধূমপান ও মাদকমুক্ত রেখে যুব সমাজকে সুস্থ সবল এবং কর্মক্ষম করে গড়ে তুলতে হবে।
শুক্রবার (২ ডিসেম্বর) পুন্ডুরিয়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে উদয়ন সংঘ আয়োজিত ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের অধিকাংশ ক্রীড়াবিদের ফিটনেসের ঘাটতি রয়েছে। তারা একটানা ৯০ মিনিট দৌড়াতে পারে না। শারীরিক ফিটনেস বাড়ানোর জন্য সবাইকে ধূমপান ও মাদক ত্যাগ করতে হবে।
এর আগে, বেড়া মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত ডেপুটি স্পিকারকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, সংবর্ধনা বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য। জাতির পিতার ডাকে সাড়া দিয়ে তারা এই দেশকে স্বাধীন করেছেন। তাদের প্রাপ্য সম্মান রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছেন। দেশের যেকোনো সংকট মোকাবিলায় প্রয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তানরা আবারও বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
বিনিয়োগবার্তা/এমআর//