
বিনিয়োগবার্তা ডেস্ক: ব্যয় সংকোচনের লক্ষ্যে এবার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মার্কিন বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি। প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার ৬০০ জন বা বৈশ্বিক কর্মী বাহিনীর ২ শতাংশকে ছাঁটাই করবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
এর আগে গত সপ্তাহে কয়েকশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা জানায় ওয়েলস ফার্গো। এদিকে চলতি মাসের শুরুতে খরচ কমানোর অংশ হিসেবে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নেয় এইচএসবিসিও। ব্রিটিশ বহুজাতিক ব্যাংকটি বিশ্বজুড়ে দুই শতাধিক জ্যেষ্ঠ ব্যবস্থাপককে অব্যাহতি দিচ্ছে।
মরগান স্ট্যানলির প্রধান নির্বাহী জেমস গরম্যান সতর্ক করেছিলেন যে ব্যাংকটি কিছু কর্মীকে ছাঁটাই করতে পারে। পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি সূত্র রয়টার্সে জানিয়েছে, ব্যাংকিং জায়ান্টটি বৈশ্বিক কর্মী সংখ্যা প্রায় ১ হাজার ৬০০ কমিয়ে আনবে। চলতি বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) শেষে ব্যাংকটির মোট কর্মী সংখ্যা ছিল ৮০ হাজারেরও বেশি। যেখানে করোনা মহামারী শুরুর আগে এ সংখ্যা ছিল প্রায় ৬০ হাজার।
উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান সুদের হারের মধ্যে বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে ব্যয়ে লাগাম টানছেন ভোক্তারাও। লোকসানের আশঙ্কায় ব্যয় সংকোচনের উদ্যোগ নিচ্ছে অন্যান্য বহুজাতিক প্রতিষ্ঠানগুলোও।
গত কয়েক মাসে টুইটার, ফেসবুক, গুগল ও অ্যামাজনের পাশাপাশি মিডিয়া খাতের প্রতিষ্ঠানগুলো খরচ কমাতে কর্মী ছাঁটাই করেছে। বিয়োন্ড মিট, ইম্পসিবল ফুডস, পেপসিকো ও কোকা-কোলাসহ বেশকিছু খাদ্য ও পানীয় প্রতিষ্ঠান কর্মী বহর কমিয়ে আনছে।
বিনিয়োগবার্তা/এসএএম//