Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কার্যালয় খুলে দেয়ার পাশাপাশি দলটির প্রশাসনিক কার্যক্রম চালাতে আর কোনো বাঁধা নিষেধ নেই বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

রবিবার (১১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের এই কর্মকর্তা নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, নয়াপল্টনের দুই পাশের সড়ক খুলে দেয়া হয়েছে। বিএনপির কর্মী ও নেতাদের তাদের কার্যালয়ে যেতে কোনো বাঁধা দেয়া হবে না। এক্ষেত্রে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন তাও করা হবে।

ডিসি বলেন, ৭ ডিসেম্বর বিএনপি অফিসের সামনে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। ১০ ডিসেম্বর তাদের গণসমাবেশ শেষ হয়েছে। কিন্তু ৭ তারিখ যে সংঘর্ষ হয়েছে তাতে হতাহতের ঘটনা ঘটে। তারপর মামলাও হয়। মামলার কার্যক্রম ও ক্রাইম সিনের জন্য বিএনপির কার্যালয় একদিনের মতো বন্ধ ছিল। পরে কার্যালয়ের চাবি তাদের (বিএনপি নেতাদের) কাছে দিয়ে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় কার্যালয় তাদের নিয়ন্ত্রণেই ছিল।

১০ ডিসেম্বর সড়কে বেরিকেড দেয়ার বিষয়ে হায়াতুল ইসলাম খান বলেন, ‘আমাদের কাছে বিভিন্ন সূত্রে তথ্য ছিল। সেসব তথ্য বিশ্লেষণ করে নিরাপত্তা নিশ্চিত এবং মতিঝিল এলাকায় শৃঙ্খলার স্বার্থে কিছু চেকপোস্ট বসানো হয়েছিল। যা এরইমধ্যে অপসারণ করা হয়েছে। নয়াপল্টনের সামনের সড়ক খোলা আছে। বর্তমানে মানুষের চলাচল ও যান চলাচলও স্বাভাবিক।’

বিএনপি কর্মীরা কার্যালয়ে যাওয়ার সময় বাধা দেয়া হবে কি না জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আজকে আমরা খবর পেয়েছি, বিএনপির নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন এবং তারা তাদের কার্যক্রম চালাতে পারবেন।’

নয়াপল্টনে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে কি না, এ প্রসঙ্গে ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই রাখা হবে।’

বিনিয়োগবার্তা/এমআর//