Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 13 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বস্তিতে বেড়ে ওঠা শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। সম্প্রতি বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ড. রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে এ আগ্রহ প্রকাশ করেন সংগঠনটির সভাপতি ফারুক হাসান।

বিজিএমইএ কমপ্লেক্সে তাদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

এ সময় ফারুক হাসান সমাজের পিছিয়ে পড়া অংশকে সহায়তা করার জন্য, বিশেষ করে নারী পোশাক শ্রমিকদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে বিজিএমইএর উদ্যোগ ও কার্যক্রমগুলো তুলে ধরেন।

তিনি বলেন, বিজিএমইএ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সহযোগিতায় পোশাক কারখানায় কর্মরত মেয়েদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করেছে। বর্তমানে ৯০ জনেরও বেশি নারী কর্মী উচ্চশিক্ষা গ্রহণের জন্য এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে অধ্যয়নরত। ফারুক হাসান উন্নয়নের জন্য সংগীত প্রকল্পের আওতায় বস্তির শিশুদের সহায়তার ব্যাপারে বিজিএমইএর আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাত্কালে ড. রেজওয়ানা চৌধুরী ফারুক হাসানকে ঢাকার বস্তিতে বেড়ে ওঠা শিশুদের জীবনকে বদলে দেয়ার জন্য সুরের ধারার একটি প্রকল্প, উন্নয়নের জন্য সংগীতের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এ প্রকল্পের লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সুরের ধারার অধীনে গান শেখানোর পাশাপাশি সাধারণ শিক্ষার সুযোগ করে দেয়া।

সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান এবং উন্নয়নের জন্য সংগীত প্রকল্পের প্রধান ড. রেজওয়ানা চৌধুরী বস্তির শিশুদের জন্য শিক্ষা এবং জীবনকে বদলে দেয়ার মতো দক্ষতা দিয়ে তাদের লালন-পালনে বিজিএমইএর সহযোগিতা কামনা করেন।

বিনিয়োগবার্তা/এসএএম//