Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশের অনেক কর্মীই মধ্যপ্রাচ্যে গিয়ে কাজ পাচ্ছে না। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের পক্ষ থেকে কোন দেশে সর্বনিম্ন কত বেতনে বাংলাদেশি কর্মীরা যাবেন সেই চাহিদাপত্র তৈরির বিষয়ে কাজ চলছে। ন্যূনতম বেতন নির্ধারণ করে কর্মীদের চাহিদাপত্র নেব।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘প্রত্যাশা প্রবাসীদের আশা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, এ বছর আমাদের বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা ১১ লাখ হয়ে গেছে। অর্থবছর হিসাব করলে এবং মালয়েশিয়ায় ভালোভাবে যাওয়া শুরু হয়ে গেলে ১৫ থেকে ১৬ লাখ কর্মী হয়ে যাবে। মন্ত্রণালয় থেকে এসেসমেন্ট করা হচ্ছে। কোনও কোনও দেশে কমপক্ষে কত বেতন হলে ডিমান্ড নোট গ্রহণ করবো। আমরা একটা ফিগারে আসবো।

তিনি আরো বলেন, সৌদিতে আমাদের কর্মীরা পান ৮০০ রিয়াল আর অন্যান্য দেশের কর্মীরা পান ১ হাজার থেকে ১ হাজার ২০০ রিয়াল। এখানে একটা বিষয়ে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। আমাদের কর্মীদের দক্ষতা বাড়াতে হবে, এটা বিরাট দায়িত্ব।

ইমরান আহমদ বলেন, কর্মী পাঠানো দেশ হিসেবে আমাদের একটা সীমাবদ্ধতা আছে। আমরা যে দেশে কর্মী পাঠাচ্ছি সেখানে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকে না। আমার লক্ষ্য মানুষ পাঠানো। অনেক ক্ষেত্রে ন্যায়পরায়ণ না হলেও আমাদের হজম করে নিতে হয়। আমাদের মানুষদের তো যেতে হয়। এটাও কিন্তু আমাদের হিসাব করতে হবে।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় আমাদের এমওইউ মোতাবেক খরচ প্রায় ৮০ হাজার টাকা। কিন্তু মালয়েশিয়ায় ২ থেকে ৩ লাখ টাকা নিচ্ছে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে যেসব রিক্রুট এজেন্সি ভুয়া মেডিকেল ও অতিরিক্ত অর্থ আদায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এটা নিয়ে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সব লাইসেন্স বন্ধ করে দেওয়া হবে।

সে‌মিনারে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটি মহাপরিচালক শহীদুল আলম, বোয়েসেল এমডি ড. মল্লিক আনোয়ার হোসেন, ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত ডেপুটি হেড অব ডেলিগেশন ড. ব্রেন্ড স্পেনিয়ের, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান, বাংলাদেশে আইওএম চিফ অব মিশন আব্দুস সাত্তার প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//