Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সায়দাবাদ, মহাখালী ও গাবতলী বাসস্ট্যান্ড ছাড়া রাজধানীতে আর কোনো আন্তঃজেলা বাস কাউন্টার থাকতে দেয়া হবে না। আগামী বছরের ১ এপ্রিল থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৫তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।  

মেয়র তাপস বলেন, ‘আমরা দেখি, আমাদের যে বাস টার্মিনালগুলো আছে- সেগুলোর কার্যকারিতাকে ঠিকমতো বাস্তব রূপ দেয়া হয় না। এ ব্যাপারে আমরা আরো কঠোর হতে চাই। আমাদের সায়দাবাদ বাস টার্মিনালের সংস্কার চলছে। এটা মার্চ মাসের মধ্যে শেষ হবে। আমরা পহেলা এপ্রিলে সেটা উদ্বোধন করব, চালু করব। আমাদের মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের যে সংস্কার প্রয়োজন আছে, সেগুলোরও আমরা উদ্যোগ গ্রহণ করব এবং সকল উদ্যোগ সম্পন্ন করব। আগামী পহেলা এপ্রিল থেকে ঢাকা শহরে টার্মিনাল ব্যতীত আর কোথাও কোনো কাউন্টার আমরা রাখতে দেব না।’

গণপরিবহন ব্যবস্থাপনা আরো শৃঙ্খলিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি তাপস বলেন, ‘এই সভায় আমাদের মালিক সমিতির প্রতিনিধিরা আছেন। এছাড়াও সংশ্লিষ্ট সকলকে আমরা অবগত করতে চাই যে, পহেলা এপ্রিল থেকে ঢাকা শহরে যত্রতত্র কোনো কাউন্টার রাখতে দেওয়া হবে না। আমরা দেখি, জিগাতলায় একটা কাউন্টার, কলাবাগানে একটা কাউন্টার, খিলগাঁওয়ে আরেকটা কাউন্টার; যার যেখানে ইচ্ছা সেখানে কাউন্টার খুলে বসে আছে। এতে যেমনি যানজটের সৃষ্টি করে তেমনি অনেক সমস্যা সৃষ্টি হয়। সুতরাং এ বিষয়ে আমরা আরো কঠোর হচ্ছি। 

সভায় অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র  আতিকুল ইসলাম, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//