
নিজস্ব প্রতিবেদক: টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে ভারতের বিপক্ষে। ঢাকায় সেই ম্যাচে ৯ উইকেটে হেরেছে স্বাগতিকরা। প্রতিবেশী দেশের বিপক্ষে এরপর আরো ১০টি টেস্ট খেলেও কোনো জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। শক্তিশালী এ দলটির বিপক্ষে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২তম টেস্ট খেলতে নামছে টাইগাররা। নিজেদের প্রিয় ভেন্যু সাগরিকায় কি এবার ভারতের বিপক্ষে প্রথম জয় পাবে বাংলাদেশ?
ভারতের বিপক্ষে ১১ টেস্ট খেলে নয়টিতেই হেরেছে বাংলাদেশ। অর্জন বলতে দুটি ড্র। ২০০৭ সালে এ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ও ২০১৫ সালে নারায়ণগঞ্জের ফতুল্লায় ভারতের সঙ্গে ড্র করে বাংলাদেশ।
২০১৫ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় ক্রিকেট দল। তারপর দুবার ভারত সফরে গিয়ে তিনটি টেস্ট খেলে এসেছে বাংলাদেশ। ভারতের মাঠে তিনটিতেই জুটেছে হার।
সাম্প্রতিক সময়েও বাংলাদেশের টেস্ট রেকর্ড বেশ দুর্বল। ২০২০ সালের ফেব্রুয়ারির পর নিজেদের মাঠে টেস্ট জেতেনি বাংলাদেশ। বিদেশে শুধু জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের মাঠে ঐতিহাসিক জয় দুটি ছাড়া সব টেস্টেই এসেছে হারের স্বাদ। এর মধ্যে অবশ্য বেশ কয়েকটি ম্যাচেই ভালো লড়াই করেও শেষ দিকে গিয়ে খেই হারিয়ে পরাজয় বরণ করে বাংলাদেশ।
বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘হারের বৃত্ত ভাঙতে পারফরম্যান্সে ধারাবাহিকতা আনা গুরুত্বপূর্ণ।’ মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা প্রথম টেস্টে জয়ের কাছাকাছি ছিলাম... তাদের দুবার অলআউট করেছি। এরপর ২৭০ রান চেজ করতে গিয়ে শেষ সেশনে ভেঙে পড়ি। গত বছর ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে হেরেছি, তারা চতুর্থ দিন ৩৯৫ রান তুলে নেয়। আমরা দ্বিতীয় টেস্টে ১৫ রানে হেরেছি। বেশকিছু ম্যাচে কাছাকাছি গিয়ে হেরেছি।’
চট্টগ্রাম টেস্ট নিয়ে তিনি বলেন, ‘আমরা ম্যাচটি পঞ্চম দিনে নিয়ে যেতে চাই। বাস্তবিকপক্ষে, ভালো ক্রিকেট খেলতে পারলে তাদের হারানোর একটি সুযোগ আমাদের সামনে। জানি, এটা আমাদের জন্য কঠিন সিরিজ, কিন্তু আমি প্রত্যাশা করব আমরা যেন ভারতকে শক্তভাবে ধাক্কা দিতে পারি।’
এটা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যাতে একটি জয় নিয়ে বাংলাদেশ রয়েছে টেবিলের তলানিতে। আর ভারত রয়েছে চতুর্থ স্থানে। তাদের উপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।
বিনিয়োগবার্তা/ডিএফই//